দিনাজপুরের ফুলবাড়ীতে অনুমোদন ছাড়াই ১৫টি সরকারি গাছ কেটে নিয়েছেন মাসুদ রানা নামে এক কাঠ ব্যবসায়ী। স্থানীয় সরকারি কবরস্থানের জমিতে থাকা আনুমানিক শত বছরের পুরোনো পাকুড়, আমগাছসহ ১৫টি গাছ কেটে বিক্রি করে দিয়েছেন তিনি। এ ঘটনায় সরকারি গাছ কাটা ও চুরির অভিযোগে ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে প্রশাসন।
অভিযুক্ত কাঠ ব্যবসায়ীর দাবি, কবরস্থান কমিটির সভাপতি ও সাধারন সম্পাদকের নির্দেশে এই গাছগুলো কাটা হয়েছে। এ জন্য তিনি কমিটিকে ৯০ হাজার টাকা দিয়েছেন। তবে স্থানীয়দের দাবি, গাছগুলোর আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ টাকা ।
সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, ফুলবাড়ী উপজেলার আলাদিপুর ইউনিয়নের রঘুনাথপুর মাদ্রাসাপাড়া গ্রামে সরকারি কবর স্থানের জমিতে থাকা আনুমানিক শতবছরের পুরোনো পাকুড়, আমগাছসহ ১৫টি গাছ কেটে বিক্রি করা হয়। এ ক্ষেত্রে সরকারি কোনও প্রক্রিয়া অনুসরণ করা হয়নি ।
স্থানীয়দের অভিযোগ, গত রবিবার (২৯ এপ্রিল) সকালে কাউকে কিছু না জানিয়ে ফুলবাড়ী কাঠ ব্যাবসায়ী মাসুদ রানা গাছ কাটা শুরু করে। এ সময় গাছ কাটার নির্দেশদাতা কে জানতে চাইলে মাসুদ রানা জানায় কবরস্থান উন্নয়ন কমিটির সভাপতি মজিবর রহমান, সাধারন সম্পাদক তোজাম্মেল হক ও কোষাধ্যক্ষ আলফাজ শাহর নির্দেশে গাছ কাটছেন তিনি। পরে স্থানীয়রা বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করে। পরে ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালাম চৌধুরী জানতে পেরে তাৎক্ষনিক তদন্তের নির্দেশ দেন। তদন্ত সাপেক্ষে ঐ ঘটনায় জড়িত চার জনকে আসামি করে ৩৭৯ ও ৪১৩ ধারায় সরকারি গাছ চুরি এবং বেচাকেনার অপরাধে আলাদীপুর ভুমি ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা খিতিশ চন্দ্র রায় বাদী হয়ে গত সোমবার (৩০ এপ্রিল) রাতে ফুলবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন।
মামলায় যে চার জনকে আসামি করা হয়েছে তারা হলেন- কবরস্থান উন্নয়ন কমিটির সভাপতি মজিবর রহমান (৫০),সাধারন সম্পাদক তোজাম্মেল হক (৪৫), কোষাধ্যক্ষ আলফাজ শাহ (৩৮) এবং কাঠ ব্যাবসায়ী মাসুদ রানা (৩৩)।
এ ব্যাপারে আলাদিপুর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব মোজাফ্ফর রহমান বলেন, ‘মৌখিকভাবে ঐ কবরস্থান কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক আমাকে গাছ কাটার কথা জানালে আমি তাদেরকে সরকারি নিয়মনীতি মেনে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে গাছ কাটার কথা বলেছি। তারা সরকারি নিয়মনীতি না মানলে এর দায়-দায়িত্ব তাদেরকেই বহন করতে হবে।’
উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালাম চৌধুরী জানান, সরকারি সম্পত্তির গাছ নিয়ম বহির্ভূতভাবে কাটা হয়েছে। যারাই এই ধরনের কাজে জড়িত থাকবে তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে। এ ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসিম হাবিব জানান, গাছ কাটার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। গাছ উদ্ধারসহ আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।








