নীলফামারীর জলঢাকায় আবু তালেব (৫২) নামে এক ভ্যান চালককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলার উত্তর দেশীবাই গাড়িরঘাটি ব্রিজ এলাকার একটি ভুট্টাক্ষেতে ঘটনাটি ঘটে। সোমবার (৪ জুন) সকালে পুলিশ আবু তালেবের মরদেহ উদ্ধার করে।
জলঢাকা থানার ওসি মোস্তাফিজার রহমান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।
আবু তালেব উপজেলার বগুলাগাড়ী গ্রামের সরেতুল্লাহ মামুদের ছেলে।
ওসি জানান, গাড়িরঘাটি ব্রিজ এলাকায় আবু তালেবের মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ক্ষতবিক্ষত অবস্থায় নিহতের লাশ উদ্ধার করে। অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার পর দুর্বৃত্তরা তার চার্জার ভ্যানটি নিয়ে পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে।








