নীলফামারী সদর উপজেলার টুপামারী ইউনিয়নের রামগঞ্জ বাজারে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে রেনু বালা (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ জুন) সকাল ৮টার দিকে এই ঘটনা ঘটে। সদর থানার এসআই মতিউর রহমান বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানান।
নিহত রেনু বালা উপজেলার ওই ইউনিয়নের সুখধন গ্রামের অশ্বনী হাজেরার মেয়ে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার সকালে রামগঞ্জ বাজারে একটি লেদ মেশিনের দোকানের পাশে পড়ে থাকা বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে ঘটনাস্থলে মারা যায় রেনু। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে দুপুরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেন।
টুপামারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মছিরত আলী শাহ ফকির জানান, বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে তার মৃত্যু হয়েছে।
নীলফামারী সদর থানার এসআই মতিউর রহমান বলেন, ‘এ ঘটনায় কেউ কোনও অভিযোগ না করায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের মাধ্যমে রেনু বালার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’








