পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে। আজ শুক্রবার (১৫ জুন) সাপ্তাহিক ছুটিসহ সোমবার (১৮ জুন) পর্যন্ত টানা চার দিন আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। এসময় হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দু’দেশের মাঝে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। তবে শুধুমাত্র ঈদের দিন বন্দর ও কাস্টমসের কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
হিলি স্থলবন্দর আমদানি রফতানিকারক গ্রুপের সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান বাংলা ট্রিবিউনকে জানান, ঈদুল ফিতর উপলক্ষে আগামী ১৬ জুন থেকে ১৮ জুন পর্যন্ত বন্দরের আমদানি রফতানি কার্যক্রম সাময়িক বন্ধ রাখার সিন্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে বন্দরের কার্যক্রম এমনিতেই বন্ধ রয়েছে। আগামী মঙ্গলবার সকাল থেকে যথারীতি বন্দর দিয়ে আমদানি রফতানি কার্যক্রম স্বাভাবিক ভাবে চালু হবে।
হিলি স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা কাজী দীন মোহাম্মদ বাংলা ট্রিবিউনকে জানান, 'ঈদুল ফিতর উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে শুধুমাত্র ঈদের দিন পণ্য আমদানি রফতানি বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকবে। তবে ঈদের দিন পাসপোর্ট যাত্রীদের ব্যাগেজ সংক্রান্ত কার্যক্রম চালু থাকবে। এছাড়াও অন্যান্য দিনগুলোতে হিলি স্থল শুল্ক স্টেশন দিয়ে আমদানি রফতানি কার্যক্রমসহ কাস্টমসের সকল কার্যক্রম খোলা থাকবে।'
হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ওসি আফতাব হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, 'ঈদুল ফিতর উপলক্ষে বন্দর দিয়ে আমদানি রফতানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দু’দেশের মাঝে পাসপোর্টে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।'








