রংপুর সিটি করপোরেশনের ২০১৮-১৯ অর্থ বছরের ১ হাজার ৬শ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। রবিবার (২৯ জুলাই) দুপুরে নগর ভবনে রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা এ বাজেট ঘোষণা করেন।
বাজেটে নতুন কোনও কর আরোপ না করে নগরবাসীর সেবা নিশ্চিত করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণের কথা উল্লেখ করা হয়েছে। বাজেটে রংপুর ঐতিহাসিক শ্যামা সুন্দরী খাল ও কেডি ক্যানেল উন্নয়নের জন্য এক হাজার কোটি টাকার মেগা প্রকল্প ধরা হয়েছে। এই বছরেই এসব প্রকল্প শুরু হবে বলেও মেয়র আশা প্রকাশ করেন। এছাড়াও জাপানি আর্থিক সহায়তায় রংপুর নগরীর বিভিন্ন রাস্তাঘাট উন্নয়ন, ব্রিজ ও কালভার্টসহ বিভিন্ন প্রকল্প অর্থ বছরে প্রকল্প বাস্তবায়নের পদক্ষেপ নেওয়া হবে বলে জানান মেয়র।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মেয়র মোস্তফা জানান, আগের মেয়র নগরীর অনেক উন্নয়ন কাজের বিল আগাম দিয়েছেন কাজ না করে ঠিকাদাররা বিল পাওয়ায় তারা কাজ করছেন না। এতে করে নগরীর বেশ কয়েকটি উন্নয়ন কাজ বন্ধ হয়ে আছে। এ সমস্যা সমাধানের জন্য চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আকতার হোসেন আজাদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এমদাদ হোসেন ও কাউন্সিলররা উপস্থিত ছিলেন।








