পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলায় সড়ক দুর্ঘটনায় লতিফ হোসেন শান্ত (২২) নামে এক ইজিবাইক চালক নিহত হয়েছে। আহত হয়েছে আরও তিন জন যাত্রী। শনিবার (৪ আগস্ট) দুপুরে বোদা-আটোয়ারী সড়কের বলরামপুর ইউনিয়নের নয়নকার দলুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শান্তর বাড়ি আটোয়ারী উপজেলার রাধানগর ইউনিয়নের গোবিন্দপুর পল্লী বিদ্যুৎ এলাকায়। সে ওই এলাকার সাদেকুল ইসলামের ছেলে।
আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইদুর রহমান ইজিবাইক ও ট্রাক্টরের সংঘর্ষে একজন নিহত ও তিন জন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, চার জন যাত্রী নিয়ে বোদা থেকে ইজিবাইকটি আটোয়ারী যাওয়ার পথে একটি মোটরসাইকেলকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা ইট বোঝাই একটি ট্রাক্টরের সঙ্গে ইজিবাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি রাস্তার পাশে পড়ে যায়। ঘটনাস্থলেই ইজিবাইক চালক শান্ত নিহত হয়। আহত হয় উত্তম কুমার (৩০), আব্দুল খালেক (৩০) ও শাহিন হোসেন (২৫) নামে তিন ইজিবাইক যাত্রী। স্থানীয় লোকজন তাৎক্ষণিক তাদের উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে।
বোদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এস এম রাজিউর রহমান রাজু ইজিবাইক চালককে মৃত ঘোষণা করে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় গুরুতর আহত উত্তম ও খালেককে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।








