ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় এক মাদ্রাসাশিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে অটোরিকশার চালককে আটক করেছেন।
রাণীশংকৈল থানার ওসি মো. আব্দুল মান্নান বলেন, ‘শনিবার সকাল পৌনে ১১টার দিকে উপজেলার ধর্মগড় ইউনিয়নের ধুমপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।’
নিহত জব্বার আলী (৪০) রাণীশংকৈল উপজেলার চেকপোস্ট গ্রামের সুজার উদ্দীনের ছেলে এবং সে হরিপুর উপজেলার বনগাঁও দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে শিক্ষক জব্বার আলী মাদ্রাসায় যাওয়ার জন্য মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন। পথে ধুমপুর গ্রামে পৌঁছলে একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয় মোটরসাইকেলটির। এতে ঘটনাস্থলেই শিক্ষক জব্বার আলী মারা যান। স্থানীয়রা অটোরিকশাটিকে আটক করে রাখে এবং চালক পালিয়ে যায়।
ওসি মান্নান বলেন, ‘খবর পাওয়ার পর ঘটনাস্থল থেকে অটোরিকশা ও অভিযান চালিয়ে চালক ফারাজুল ইসলামকে (২৫) আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’








