গাইবান্ধার গোবিন্দগঞ্জে রংপুর-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় সাবানা বেগম (৪০) নামে এক নারী নিহত হয়েছেন। এসময় দুই চালকসহ কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। শনিবার (১১ আগস্ট) বিকাল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতারুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত সাবানা বেগম চকসিংহডাঙ্গা গ্রামের আবদুস সালামের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গাইবান্ধা থেকে ছেড়ে আসা যাত্রীবাহি একটি বাস বগুড়া যাচ্ছিলো। বাসটি মহাসড়কের চক সিংহডাঙ্গা এলাকায় পৌঁছালে রংপুরগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা সাবানা বেগম ট্রাকের চাপায় ঘটনাস্থলে মারা যান। এসময় বাস ও ট্রাকটি সড়কের পাশে খাদের পানিতে পড়ে যায় । এতে দুই চালকসহ বাসে থাকা অন্তত ২৫ জন যাত্রী আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি জানান, আহতদের উদ্ধার করে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।








