লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় আলমগীর হোসেন (১৮)নামে ব্যাটারি চালিত ইজিবাইকের এক যাত্রী নিহত হয়েছেন।এসময় আরও সাত যাত্রী আহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে লালমনিরহাটের আদিতমারী উপজেলার যুগিটারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ট্রাকসহ চালক ফাহিম হোসেনকে (২০) গ্রেফতার করেছে। তবে চালকের সহকারী পালিয়ে গেছে। আদিতমারী থানার ওসি মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করেছে।
আহত যাত্রীদের লালমনিরহাট সদর হাসপাতাল ও রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত আলমগীর হোসেন লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের পূর্বদুহুলী এলাকার সফিকুল ইসলামের ছেলে। নিহত আলমগীর হোসন ঢাকারে একটি গার্মেন্টে কাজ করতেন। ঈদের ছুটি শেষে তারা ঢাকায় যাওয়া পথে তিনি এ দুর্ঘটনার শিকার হন।
আহতরা হলেন কালীগঞ্জ উপজেলার আসাদুল ইসলামের ছেলে জুয়েল হোসেন (১৮), একই উপজেলার তেতুলতলা এলাকার নিতাই চন্দ্র রায়ের স্ত্রী মুক্তি রানী রায়(৩৫), আদিতমারী উপজেলার ভাদাই ইউনিয়নের ভাদাই এলাকার পূন্য চন্দ্র রায়ের ছেলে অতুল চন্দ্র রায় (২৮), একই উপজেলার মহিষা শহর এলাকার গণেশ চন্দ্র রায়ের স্ত্রী প্রাণেশ্বরী রাণী রায় (৪০), মহিষ খোঁচা ইউনিয়নের মহিষ খোঁচা এলাকার আলম মিয়ার স্ত্রী আরফিনা বেগম (২৮), আরাজি দেওডোবা এলাকার সন্তোষ কুমার রায়ের ছেলে মহেন্দ্র নাথ রায় (২৮) ও নামুড়ী টেপাপলাশী এলাকার রহমত আলীর ছেলে ইজিবাইকের চালক আব্দুল খালেক (৩৫)। তাদের মধ্যে আব্দুল খালেক, মুক্তি রানী রায় ও জুয়েল হোসেন গুরুতর আহত।
লালমনিরহাট সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা.মঞ্জুর মোর্শেদ দোলন বলেন,‘সড়ক দুর্ঘটনায় আহত আলমগীর হোসেনকে হাসপাতালে আনার পথেই মারা গেছেন। এছাড়া আহত সাতজনের মধ্যে চারজনকে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। গুরুতর তিনজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
লালমনিরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) হাসান ইকবাল চৌধুরী ও আদিতমারী থানার ওসি মাসুদ রানা দুর্ঘটনাস্থল ও লালমনিরহাট সদর হাসপাতাল পরিদর্শন করেছেন ।
প্রত্যক্ষদর্শীরা জানান,‘ইজিবাইকটি আদিতমারী উপজেলার যুগিটারী নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক এটাকে ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।
জানতে চাইলে ওসি মাসুদ রানা বলেন, ‘ট্রাক চালককে গ্রেফতার করা হয়েছে। আলমগীরের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’








