গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঘরের জানালা ভেঙে এক মাদ্রাসাছাত্রীকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। রবিবার (২ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে পরিবারের লোকজন তাকে হাসপাতালে ভর্তি করে।
সোমবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উজ্জল মিয়া নামে এক যুবকের বিরুদ্ধে ছুরিকাঘাতের অভিযোগে গোবিন্দগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছে ছাত্রীর পরিবার।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, খবর পেয়ে রাতেই হাসপাতালে গিয়ে ছাত্রী ও পরিবারের সঙ্গে কথা বলেছি। এ ঘটনায় পরিবারের লিখিত অভিযোগ তদন্ত করে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রাথমিক চিকিৎসা শেষে সোমবার দুপুরে সে বাড়ি ফিরেছে।
আহত ছাত্রীর বাড়ি গোবিন্দগঞ্জ উপজেলার নাকাইহাট ইউনিয়নের পোগাইল গ্রামে। সে পোগাইল দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্রী।
ছাত্রীর পরিবার জানায়, রবিবার রাত ১০টার দিকে সে নিজ ঘরের বিছানায় শুয়ে ছিল। এ সময় ঘরের জানালা ভেঙে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে। এতে সে চিৎকার শুরু করলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে আহত অবস্থায় তাকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
তাদের অভিযোগ, উজ্জল মিয়া এক মাস ধরে মোবাইল ফোনে কথা ও ম্যাসেজ দিয়ে আসছিল। উজ্জল তাকে প্রেমের প্রস্তাবও দেয়। কিন্তু প্রস্তাবে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে উজ্জল তাকে ছুরিকাঘাত করে।








