ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৬ সেপ্টেম্বর রংপুর মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম উদ্বোধন করবেন। বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে রংপুর নগরীর ধাপ এলাকায় মেট্রোপলিটন পুলিশ কমিশনারের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ কমিশনার আব্দুল আলীম মাহমুদ।
তিনি বলেন, ‘আমাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে নগরবাসী যাতে নিশ্চিন্তে ঘুমাতে পারে। তাদের নিরাপদ চলাচল, যানজট নিরসন এবং আইনশৃংখলা রক্ষায় যা যা করা দরকার তাই করা হবে।’
তিনি আরও জানান, ২৩৭ বর্গ কিলোমিটার এলাকা নিয়ে কাজ করবে রংপুর মেট্রোপলিটন পুলিশ। মেট্রোপলিটন এলাকায় রয়েছে ৬টি থানা ও বেশ কয়েকটি পুলিশ ফাঁড়ি। মেট্রোপলিটন এলাকার থানাগুলো হলো- কোতোয়ালি, পরশুরাম, হাজিরহাট, হারাগাছ, তাজহাট ও মাহিগঞ্জ।
প্রাথমিকভাবে একজন মেট্রোপলিটন পুলিশ কমিশনার, একজন অতিরিক্ত কমিশনার, দুইজন উপ পুলিশ কমিশনার ও একজন অতিরিক্ত উপ পুলিশ কমিশনার, ৫ জন সহকারী পুলিশ কমিশনারসহ ৪৭০ জন নিয়ে মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু হচ্ছে।
২০১১ সালের ৮ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুর সফরকালে মেট্রোপলিটন পুলিশ গঠনের প্রতিশ্রুতি দিয়েছিলেন। এ ধারাবাহিকতায় ২০১৭ সালের ১০ ডিসেম্বর রংপুর মেট্রোপলিটন পুলিশ গঠনের গেজেট প্রকাশ করা হয়। রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের মধ্য দিয়ে রংপুরের জনগণের প্রত্যাশা পূরন হবে।







