পুরুষদের মানসিকতার পরিবর্তন না হলে শুধুমাত্র আইন করে নারী নির্যাতন বন্ধ সম্ভব নয় বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। মন্ত্রী বলেন, ‘আমরা নিজেদের শিক্ষিত বলি, সংস্কৃতি চর্চা করি এবং নিজেদের পরিশোধিত পুরুষ দাবি করি। কিন্তু যখন বাড়িতে যাই তখন শিক্ষা, সংস্কৃতি ও উদার মানসিকতা সবকিছুই ভুলে যাই। আমাদের মানসিকতার পরিবর্তন করতে হবে।’
বুধবার (১০ অক্টোবর) দুপুরে নীলফামারী কেন্দ্রীয় শহীদ মিনারে নারী নির্যাতন বিরোধী প্রচারণার অংশ হিসেবে আয়োজিত মিনি ম্যারাথন দৌড়ের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
নারীদের অধিকার আদায়ের লড়াই বাড়ি থেকে শুরু করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘নিজের অধিকার নিজেদের আদায় করতে হবে। এ জন্য বাড়ি থেকে লড়াই শুরু করতে হবে, পাশাপাশি লেখাপড়া শিখে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে, সাবলম্বী হতে হবে।’
নারীদের এগিয়ে যাওয়ার ধারা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে মন্ত্রী আরও বলেন, ‘বর্তমানে শিক্ষা, সংস্কৃতিতে নারীরা এগিয়ে গেছেন। বাংলাদেশের মেয়েরা ফুটবল ও ক্রিকেট খেলে বিশ্বকে অবাক করেছেন। তারা এভারেস্ট জয় করেছেন। দেশের বিভিন্ন প্রশাসনিক কাজে দক্ষতার সঙ্গে পুরুষের পাশাপাশি সমান তালে কাজ করে এগিয়ে যাচ্ছেন নারীরা।’
নারী যোগাযোগ কেন্দ্রের আহ্বায়ক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন, পুলিশ সুপার মোহাম্মদ আশরাফ হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান, নারী উন্নয়ন ফোরামের সভানেত্রী ও সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী ও উদয় অঙ্কুর সেবা সংস্থার (ইউএসএস)-এর নির্বাহী পরিচালক আলাউদ্দিন আলী প্রমুখ।
উদ্বোধনের পর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ম্যারাথন দৌড় শুরু হয়ে জেলা শহরের মশিউর রহমান ডিগ্রী কলেজ মাঠে গিয়ে শেষ হয়। ম্যারাথনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীসহ প্রায় পাঁচ শতাধিক উৎসুক জনতা অংশ নেয়।
পরে মশিউর রহমান ডিগ্রী কলেজ মাঠে সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচির শেষ হয়।
বেসরকারি উন্নয়ন সংস্থা ডিয়াকোনিয়া ও ইউএসএস’র সহায়তায় এ কর্মসূচির আয়োজন করে নারী যোগাযোগ কেন্দ্র নীলফামারী।








