দিনাজপুরের হিলি সীমান্তে পৃথক দুটি অভিযান চালিয়ে ভারত থেকে আনা ২৮৬ বোতল ফেনসিডিল ও ৯ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় নয়ন মিয়া (২০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি।
শনিবার ভোর রাত সাড়ে ৪টা ও ৫টার দিকে সীমান্তের নওপাড়া ও মংলা এলাকায় পৃথক অভিযান চালিয়ে মাদকগুলি উদ্ধার ও মাদক ব্যবসায়ীকে আটক করে বিজিবি। আটক নয়ন মিয়া বিরামপুর উপজেলার কসবা সাগরপুর গ্রামের নুর ইসলামের ছেলে।
বিজিবি হিলির বাসুদেবপুর ক্যাম্প কমান্ডার সুবেদার চান মিয়া বাংলা ট্রিবিউনকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর ৫টার দিকে হিলি সীমান্তের নওপাড়া পাকা রাস্তার পাশে অভিযান চালানো হয়। এ সময় মাদক নিয়ে ভারত থেকে দেশে ঢুকতে গেলে বিজিবি নয়ন মিয়া নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে। এসময় তার সঙ্গে থাকা অপর মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। পরে তার শরীরে তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২শ’ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
অপরদিকে বিজিবির মংলা বিওপি ক্যাম্প শনিবার ভোর রাত সাড়ে ৪টায় হিলি সীমান্তের মংলা মাঠে অভিযান চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় ৮৬ বোতল ফেনসিডিল ও ৯ বোতল বিদেশি মদ উদ্ধার করে। উদ্ধারকৃত মাদকগুলি ধ্বংসের লক্ষ্যে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নে পাঠানো হয়েছে বলে তিনি জানিয়েছেন।








