আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ার পর মটরসাইকেল শোভাযাত্রা নিয়ে নির্বাচনি এলাকায় প্রবেশ করেছেন কুড়িগ্রাম-১ আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাওয়া আসলাম সওদাগর। মঙ্গলবার (২৭ নভেম্বর) দুপুরে প্রায় শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে তিনি নির্বাচনি এলাকায় প্রবেশ করেন। এ সময় তাকে ফুলের মালা দিয়ে বরণ করেন স্থানীয় নেতাকর্মীরা।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা শঙ্কর কুমার বিশ্বাস এ বিষয়ে বলেন, ‘এ ব্যাপারে সতর্ক করতে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়নের চিঠি পাওয়া আসলাম সওদাগরকে ফোন দিলেও তার ফোন বন্ধ পাওয়া গেছে।’
তবে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে কোনও ব্যবস্থা নেওয়া হবে কিনা, এমন প্রশ্নের জাবাব না দিয়েই ফোন কেটে দেন এই সহকারী রিটার্নিং কর্মকর্তা।
পরে এ ব্যাপারে জানতে আসলাম সওদাগরের মোবাইলে একাধিকবার ফোন দিলেও তার নাম্বার বন্ধ পাওয়া গেছে।
তবে নাগেশ্বরী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী নাজমুল হুদা লাল বলেন,‘নেতাকর্মী ও সমর্থকরা কিছু মোটরসাইকেল নিয়ে দলীয় মনোনয়নপ্রাপ্ত আসলাম সওদাগরকে স্বাগত জানিয়েছে মাত্র। এটা দলীয় কোনও প্রোগ্রাম কিংবা মটরসাইকেল শোভাযাত্রা ছিল না।’
সহকারী রিটার্নিং কর্মকর্তার নিষেধাজ্ঞার বিষয়ে জানতে চাইলে স্থানীয় আওয়ামী লীগের এ নেতা জানান, তিনি নিজে ওই মোটরসাইকেল বহরে উপস্থিত ছিলেন না।
যোগাযোগ করা হলে জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম রাকিব বলেন,‘এমনটা হয়ে থাকলে তা নির্বাচনি আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। এ ব্যাপারে রিটার্নিং কর্মকর্তা তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।’
এ ব্যাপারে জানতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোছা.সুলতানা পারভীন বলেন,‘আমি বিষয়টি অবগত নই, খোঁজ নিয়ে দেখবো।’








