পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের লক্ষ্মীপুর-পাটসিড়ি এলাকায় অগ্নিকাণ্ডে ৩৬টি পরিবারের ১০৯টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (২৭ নভেম্বর) দুপুরে এই অগ্নিকাণ্ড ঘটে। স্থানীয়দের সহযোগিতায় পঞ্চগড় ও বোদা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।
প্রত্যক্ষদর্শী এবং পঞ্চগড় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে জানা গেছে, আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের লক্ষ্মীপুর-পাটসিড়ি এলাকার শরিফ উদ্দীনের বাড়িতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে গোটা এলাকায় আগুন ছড়িয়ে পড়ে। এতে ৩৬টি পরিবারের ১০৯টি ঘরের আসবাবপত্র, ধান-চাল,স্বর্ণালঙ্কার, নগদ টাকা, আমন ধানসহ সম্পূর্ণ মালামাল পুড়ে ছাই হয়ে যায়। অধিকাংশ ঘরই ছিল শ্রমিক এবং কৃষকদের। সবকিছু পুড়ে যাওয়ায় তারা এখন নিঃস্ব হয়ে পড়েছেন।
পঞ্চগড় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার নিরঞ্জন সরকার বৈদ্যুতিক শটসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে নিশ্চিত করেছেন।
আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন সুলতানা জানিয়েছেস, ক্ষতিগ্রস্ত ৩৬টি পরিবারের প্রত্যেককে উপজেলা পরিষদ থেকে এক হাজার করে টাকা এবং জেলা প্রশাসনের সহায়তায় ৩০ কেজি করে চাল ও চারটি করে কম্বল দেওয়া হয়েছে।







