জাতীয় সংসদ নির্বাচনে রংপুরের ছয়টি আসনে দাখিল করা বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের মনোয়নপত্র বাছাই শেষ হয়েছে। রংপুরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রবিবার (২ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বাছাই করেন রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক এনামুল হাবিব।এসময় তার সঙ্গে ছিলেন নির্বাচন কমিশনের কর্মকর্তারা।
বাছাইয়ের পর রংপুর সদর-৩ আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ এবং রংপুর-৬ আসনে আওয়ামী লীগ সভাপতি ,প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্পিকার ড, শিরিন শারমিন চৌধুরীর মনোনয়নপত্রসহ ছয় আসনে মোট ৪৬টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বাতিল করা হয়েছে আওয়ামী লীগের দুই বিদ্রোহী প্রার্থীসহ জাতীয় পার্টির একজন এবং বিএনপির তিন প্রার্থীসহ ১৪ জনের মনোনয়নপত্র।
যাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে তারা হলেন— রংপুর-১ আসনে আওয়ামী লীগের বিদ্রোহী নেতা স্বতন্ত্রপ্রার্থী হিসেবে দাখিল করা আসাদুজ্জামান বাবলু, স্বতন্ত্র প্রার্থী সিএম সাদিক। রংপুর-২ আসনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী কৃষক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিশ্বনাথ সরকার বিটু, জাসদের (ইনু) কুমারেশ রায়। রংপুর সদর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী ফুলু সরকার ও নাজমুল হক। রংপুর-৪ আসনে জাতীয় পার্টির প্রার্থী সেলিম বেঙ্গল ও বিএনপি প্রার্থী আমিনুল ইসলাম রাঙ্গা। রংপুর-৫ আসনে বিএনপির দুই প্রার্থী ডা. মমতাজ উদ্দিন ও শাহ সোলায়মান ফকির, স্বতন্ত্র প্রার্থী হালিম মণ্ডল ও মওদুদা আখতার। রংপুর- ৬ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী বেলাল হোসেন।
ঋণ খেলাপি, হলফনামায় স্বাক্ষর না করা, মামলা থাকার পরেও তথ্য গোপন করাসহ বিভিন্ন অভিযোগে এসব মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং অফিসার এনামুল হাবিব। তিনি জানান, রংপুরের ছয়টি আসনে ৬০টি মনোনয়নপত্র দাখিল করা হয়েছিল। এর মধ্যে ৪৬টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে এবং বাতিল করা হয়েছে ১৪টি মনোনয়পত্র।








