ঠাকুরগাঁও জেলা কারাগারে ধর্ম নারায়ণ (৫২) নামে হত্যা মামলার এক হাজতির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে। পরিবারের দাবি, ধর্ম নারায়ণকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তবে হাজতের সিঁড়ি থেকে নামার সময় পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ঠাকুরগাঁও কারাগারের জেলার সাখাওয়াত হোসেন।
নিহত ধর্ম নারায়ণ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের মৃত দেব নারায়নের ছেলে।
কারাগারের জেলার জানান, ভোরে সিঁড়ি থেকে পড়ে যান ধর্ম নারায়ণ। পরে তাকে আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে বলে ডাক্তার জানিয়েছেন। লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
অপরদিকে পরিবার দাবি করেন, ‘হাজতের ভিতরে টর্চার করে তাকে হত্যা করা হয়েছে।’
উল্লেখ্য, ধর্ম নারায়ণ একটি হত্যা মামলার আসামি। গত ২১ আগস্ট সদর উপজেলার জগন্নাথপুর সরকারপাড়ায় ধর্ম নারায়ণ নিজের ভাতিজি বনবাসী বর্মনকে (৪৫) দা দিয়ে কুপিয়ে হত্যা করে বলে তার বিরুদ্ধে অভিযোগ ও মামলা করা হয়।








