কুড়িগ্রামে খুরা রোগের প্রাদুর্ভাব, আক্রান্ত পশু বিক্রি করা হচ্ছে কসাইয়ের কাছে

আরিফুল ইসলাম, কুড়িগ্রাম
০৫ ডিসেম্বর ২০১৮, ১২:৩২আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৮, ১৩:২০

খুরা রোগে আক্রান্ত গরু কুড়িগ্রামে গবাদি পশুর মধ্যে খুরা রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। জেলার রাজারহাট উপজেলার উমর মজিদ ও চাকিরপশার ইউনিয়নে গত দুই সপ্তাহে অন্তত অর্ধশতাধিক গরু ও ছাগল আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে আক্রান্ত ১৫টি গরুর মৃত্যু হয়েছে বলে গৃহস্থদের সঙ্গে কথা বলে জানা গেছে। আবার অনেকে খুরা রোগে আক্রান্ত পশু কসাইদের কছে বিক্রি করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে জনস্বাস্থ্য হুমকির আশঙ্কা করা হচ্ছে।

খোঁজ নিয়ে জানা গেছে, গত দুই সপ্তাহে উমর মজিদ ইউনিয়নের পান্থপাড়া মৌজার বক্সি পাড়া গ্রামের আব্দুর রশিদ বক্সির তিনটি, নজীর হোসেনের একটি, তেলিপাড়ার গোলাম রব্বানীর তিনটি, মাহবুবার রহমানের একটি, মাইদুল ইসলামের একটিসহ অন্তত ১৫টি গরু খুরা রোগে মারা গেছে।

তেলিপাড়া গ্রামের জাহাঙ্গীর নামে এক দিনমজুর জানান, মঙ্গলবার (৪ ডিসেম্বর) তার তিনটি গরু খুরা রোগে আক্রান্ত হয়। এর মধ্যে একটি বকনা গরু খুরা রোগে আক্রান্ত হলে তিনি দ্রুত কসাই ডেকে সে গরু বিক্রি করে দেন। বাকি দুটো গরুর মধ্যে একটি বাছুর ও গাভী গর্ভবতী হওয়ায় সেগুলো কসাই নিতে রাজি হয়নি।

জাহাঙ্গীর বলেন, ‘এক মাস আগে ভেকসিন দিলেও আমার গরুগুলো খুরা রোগ থেকে রেহাই পাইলো না। ডাক্তার কী ভেকসিন দিলো কে জানে। আমি গরিব মানুষ, আমার এই ক্ষতি কেমন করে পোষাবো।’

তিনি আরও জানান, তার বাবার দু’টি গরু ও দু’টি ছাগলসহ তার গ্রামে অন্তত ১৫/২০ টি গরু ও ছাগল খুরা রোগে আক্রান্ত হয়েছে। গ্রামের অনেকে খুরা আতঙ্কে রয়েছে।

মঙ্গলবার (৪ ডিসেম্বর) উমর মজিদ ইউনিয়নের মৌলভী পাড়ায় এক ভ্যান চালকের দুটি গরু খুরা রোগে আক্রান্ত হয়ে মারা গেছে।

একই ইউনিয়নের মাইদুল ইসলাম নামে আরেক দিনমজুর জানান, তার দুইটি গরুর একটি খুরা রোগে মারা গেছে। খুরা রোগ আক্রান্ত অপর গরুটি তিনি ১২ হাজার টাকায় কসাইয়ের কাছে বিক্রি করেছেন।

তিনি জানান, তিনি যে গরুটি ১২ হাজার টাকায় বিক্রি করেছেন সেটির বাজার মূল্য অন্তত ২৫/২৬ হাজার টাকা। কিন্তু খুরা রোগে আক্রান্ত হয়ে গরুর মুখ দিয়ে লালা আসায় তা বাজারে কেউ নিতে চায় না। বাধ্য হয়ে কসাই ডেকে নামমাত্র মূল্যে বিক্রি করেছেন তিনি।

এলাকায় খুরা রোগের প্রদুর্ভাব বাড়তে থাকলেও তা প্রতিরোধে প্রাণি সম্পদ বিভাগ থেকে কোনও উদ্যোগ নেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাজারহাট উপজেলার সাতটি ইউনিয়নে দুই শতাধিক দুগ্ধখামার, অর্ধ শতাধিক ছাগল ও ভেড়ার খামার রয়েছে। তবে কৃষি প্রধান এলাকা হওয়ায় এবং উপজেলায় পর্যাপ্ত চারণ ভূমি থাকায় উপজেলার প্রায় প্রতিটি বড়িতে ৫/৭ টি করে গরু রয়েছে।

উমর মজিদ ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরদার  জানান, ভুক্তভোগীদের অভিযোগের পর তিনি নিজে জেলা ও উপজেলা প্রাণি সম্পদ অফিসে যোগাযোগ করেন। তবে খুরা রোগ নিরাময় কিংবা প্রতিরোধে কোনও উদ্যোগ দেখতে পাননি। এ অবস্থায় তার ইউনিয়নের খামারি ও সাধারণ গৃহস্থরা গবাদি পশু নিয়ে দুঃচিন্তায় পড়েছেন।

এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জোবায়দুল কবির বলেন, ‘উপজেলার দুই-একটি ইউনিয়নের কিছু জায়গায় গবাদি পশুর মধ্যে খুরা রোগের সংক্রমণ দেখা দিয়েছে। তবে তা নিয়ন্ত্রণে রয়েছে।’

তিনি আরও বলেন, ‘খুরা রোগে সাধারণত পূর্ণ বয়স্ক গরু মৃত্যুর হার কম। দুই সপ্তাহ আগে এ রোগে কিছু বাছুরের মৃত্যু হয়েছে। আর গ্রামের লোকেরা আক্রান্ত পশুর নানা অপচিকিৎসা করার কারণে অনেক সময় পশুর মৃত্যু হতে পারে।’

সম্প্রতি আক্রান্ত পশুর মৃত্যু ও প্রাণিসম্পদ বিভাগের অবহেলার বিষয়ে এই কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘প্রতিটি পরিবারে যাওয়ার মত আমাদের পর্যাপ্ত জনবল নেই। তবে আমাদের পর্যাপ্ত ভেকসিন রয়েছে। ভুক্তভোগীরা আমাদের কাছে আসলে আমরা অবশ্যই সঠিক পরামর্শ ও আক্রান্ত পশুর চিকিৎসা দেওয়া ব্যবস্থা নেওয়া হবে।’

কসাইদের কাছে খুরা রোগে আক্রান্ত পশু বিক্রির খবরে কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম জানান, ‘যেকোনও রোগাক্রান্ত পশুর মাংস জনস্বাস্থ্যের জন্য হুমকি এবং সেগুলো কোনোভাবেই বাজারে বিক্রি কিংবা খাওয়া উচিত নয়।’ এ সময় সংশ্লিষ্ট এলাকার বাজারগুলোতে বাজার পরিদর্শনের ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেন এই স্বাস্থ্য কর্মকর্তা।

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম