হাইকোর্টের নির্দেশে রংপুর ৫ আসনের ২০ দলীয় জোটের প্রার্থী জামায়াত নেতা অধ্যাপক গোলাম রব্বানীর মনোনয়নপত্র গ্রহণ করেছেন রংপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার এনামুল হাবিব। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে তার পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়। এদিকে প্রার্থীর অনুপস্থিতিতে তার পক্ষে মনোনয়নপত্র দাখিল করে রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে বের হয়ে আসার সময় ডিবি পুলিশ ২০ দলীয় জোট প্রার্থীর প্রস্তাবক ওমর ফারুখকে আটক করে।
কী কারণে তাকে আটক করা হয়েছে? বা তার নামে কোনও মামলা আছে কিনা? জানতে চাইলে পুলিশ কোনও কথা বলতে রাজি হয়নি। এর আগে এই বিএনপি নেতা জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদুল কাইয়ুমের নেতৃত্বে বেশ কয়েকজন বিএনপি ও জামায়াত সমর্থিত আইনজীবী সঙ্গে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র জমা দেন।
এ ব্যাপারে ২০ দলীয় জোটের প্রার্থীর পক্ষে আইনজীবী বায়েজিদ আহম্মেদ বাংলা ট্রিবিউনকে জানান, এর আগে রংপুর ৫ আসনের ২০ দলীয় জোটের প্রার্থী ধানের শীষ মার্কা নিয়ে মনোনয়নপত্র দাখিল করতে আসলে পুলিশ বাধা দেয়। এ কারণে তিনি মনোনয়নপত্র দাখিল করতে পারেনি। পরে এ ব্যাপারে হাইকোর্টে রিট আবেদন করলে আদালত ২৪ ঘণ্টার মধ্যে মনোনয়নপত্র গ্রহণ করার জন্য জেলা রিটার্নিং অফিসারকে আদেশ দেন।
এ ব্যাপারে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক এনামুল হাবিব জানান, আদালতের আদেশে মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছে। মনোনয়নপত্র পরীক্ষা-নিরীক্ষা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
আইনজীবী বায়েজিদ আহাম্মেদ জানান, প্রার্থী নিজে না আসলেও প্রস্তাবনাকারী ও সমর্থনকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে আসেন। এরপর তারা আইনজীবীদের সঙ্গে ফিরে আসার সময় প্রস্তাবনাকারী ওমর ফারুখকে কোনও কারণ ছাড়াই পুলিশ আটক করে নিয়ে গেছে। তার বিরুদ্ধে কোনও মামলা না থাকলেও পুলিশ জোর করে তাকে নিয়ে গেছে। এটা আদালতের প্রতি চরম অবজ্ঞা বলেই মনে করেন তিনি।
অপরদিকে মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, কাউকে আটক করার বিষয়ে তার জানা নেই।








