যাচাই-বাছাইয়ের পর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার তিন প্রার্থীর মনোনয়নপত্র বৈধতা পেয়েছে। মনোনয়নপত্র বাতিল হওয়া ১৬ জন আপিল করেছিলেন। পরে বিএনপির দুই জনসহ একজন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বৈধতা পায়। বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আপিল শুনানি শেষে তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
প্রার্থিতা ফিরে পাওয়া বিএনপির দুই জন হলেন- গাইবান্ধা-৩ আসনের (সাদুল্যাপুর-পলাশবাড়ী) রফিকুল ইসলাম রফিক, গাইবান্ধা-৫ আসনের নাজেমুল ইসলাম প্রধান। এ ছাড়া বৈধতা ফিরে পাওয়া স্বতন্ত্র প্রার্থী হলেন- গাইবান্ধা-৩ আসনের আবু জাফর মো. জাহিদ।
তবে গাইবান্ধা-৩ আসনের মকদুবার রহমান ও গাইবান্ধা-৩ আসনের মঞ্জুরুল হক সাচ্ছা আপিল করেও মনোনয়নপত্রের বৈধতা পাননি।
এ বিষয়ে মঞ্জুরুল হক বলেন, ‘আপিল করেও প্রার্থিতা ফিরে পাইনি। এ বিষয়টি নিয়ে হাইকোর্টে আপিল করবো।’
এরআগে, মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দিনে গাইবান্ধা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা সেবাস্ট্রিন রেমা প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। ক্রেডিট কার্ডের ঋণ খেলাপের কারণে রফিকুল ইসলাম ও নাজেমুল ইসলাম প্রধানের মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল। এ ছাড়া দলীয় প্রার্থী হিসেবে কাগজপত্রে ক্রটি থাকায় মঞ্জুরুল হক ও মনোনয়নপত্রে জমা দেওয়া ১ শতাংশ ভোটার তথ্যের গরমিলের কারণে আবু জাফর মো. জাহিদ ও মকদুবার রহমানের মনোনয়নপত্র বাতিল করা হয়।
পরবর্তীতে প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল জমা দেন সংক্ষুদ্ধ এসব প্রার্থীরা।
এবার গাইবান্ধার পাঁচটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে ৬৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এরমধ্যে যাচাই-বাছাইয়ে ১৬ জনের মনোনয়পত্র বাতিল হলে ৪৮ জনের মনোনয়নপত্র বৈধ হয়। আপিলে বৈধ তিন জনসহ বর্তমানে মোট প্রার্থী দাঁড়িয়েছে ৫১ জন।








