কুড়িগ্রাম-৪ আসনে ১৪ দলীয় জোটের দুই প্রার্থীর মধ্যে নৌকা প্রতীক বরাদ্দ নিয়ে ধোয়াঁশার সৃষ্টি হয়েছে। প্রথমে আওয়ামী লীগ থেকে নির্বাচনে লড়ার জন্য দলীয় মনোনয়ন পান রৌমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মো.জাকির হোসেন। তবে নৌকা প্রতীক নিয়ে লাড়ার জন্য শুক্রবার চূড়ান্ত চিঠি দেওয়া হয় মহাজোট প্রার্থী, বর্তমান সংসদ সদস্য ও জাতীয় পার্টি (জেপি) নেতা রুহুল আমিনকে। তবে স্থানীয় নেতারা জানিয়েছেন, শুক্রবার রাতে প্রার্থী বদল করে জাকির হোসেনকেই চূড়ান্ত মনোনয়ন দিয়ে চিঠি দিয়েছে আওয়ামী লীগ। শনিবার (৮ ডিসেম্বর) সকালে জাকির হোসেন প্রতীক বরাদ্দের চিঠি জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোছা. সুলতানা পারভীনের কাছে জমা দিয়েছেন। ফলে এই আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে মো. জাকির হোসেন নির্বাচনে অংশ নেবেন বলে নিশ্চিত করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাফর আলী।
এদিকে প্রতীক বরাদ্দের একাধিক চিঠি প্রদান প্রসঙ্গে জেপি নেতা ও কুড়িগ্রাম-৪ আসনের বর্তমান এমপি মো. রুহুল আমিন জানান, ‘আমি শুক্রবার দুপুরে নৌকা প্রতীক পাওয়ার চিঠি পেয়েছি। পরে রাতে জানতে পারি স্থানীয় আওয়ামী লীগ নেতা জাকির হোসেনকেও নৌকা প্রতীক বরাদ্দের চিঠি দেওয়া হয়েছে। আমি বিষয়টি নিয়ে বিব্রত।’
এখনও আওয়ামী লীগ থেকে প্রতীক বরাদ্দের চিঠি ফেরত চাওয়া হয়নি জানিয়ে এই সংসদ সদস্য বলেন, ‘আমি শিগগিরই প্রতীক বরাদ্দের চিঠি রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেবো।’
উল্লেখ্যে, কুড়িগ্রাম-৪ সংসদীয় আসন থেকে প্রাথমিকভাবে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া জাকির হোসেনের মনোনয়নপত্র বাতিল করেছিলেন রিটার্নিং কর্মকর্তা। তবে নির্বাচন কমিশনে আপিল করে তিনি বৈধতা ফিরে পান।
শনিবার (৮ ডিসেম্বর) সকালে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে প্রতীক বরাদ্দের চিঠি জমা দেওয়ার সময় মো. জাকির হোসেনের সঙ্গে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্রাহাম লিংকন। তিনি ট্রিবিউনকে জানান, ‘প্রাথমিক অবস্থায় আওয়ামী লীগ প্রার্থী জাকির হোসেনের মনোনয়নপত্র জেলা রিটার্নিং কর্মকর্তা কর্তৃক বাতিল হওয়ায় মহাজোটের প্রার্থী হিসেবে জেপি নেতা ও বর্তমান এমপি রুহুল আমিনকে নৌকা প্রতীক বরাদ্দ দেওয়া হয়। কিন্তু শুক্রবার (৭ ডিসেম্বর) বিকালে নির্বাচন কমিশন আওয়ামী লীগ মনোনিত প্রার্থী জাকির হোসেনের আপিল শুনানি শেষে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে। পরে জাকির হোসেন বিষয়টি কেন্দ্রীয় আওয়ামী লীগের নজরে আনলে শুক্রবার রাত ৮টার দিকে মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা জাকির হোসেনকে নৌকা প্রতীক বরাদ্দের চিঠি দেন। তিনি ইতোমধ্যে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে প্রতীক বরাদ্দ পাওয়ার চিঠি জমা দিয়েছেন। ফলে আসন্ন নির্বাচনে কুড়িগ্রাম-৪ আসনে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী মো. জাকির হোসেন প্রতিদ্বন্দ্বিতা করবেন।’
আরও পড়ুন- আপিলে বৈধতা পেলেও নির্বাচন করতে পারছেন না আ.লীগ প্রার্থী, নৌকা প্রতীক পেলেন জেপি নেতা








