একাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রশ্নবিদ্ধ হওয়ার মতো কোনও ঘটনা এখনও পর্যন্ত দেখা যায়নি বলে মন্তব্য করেছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) দুপুরে রংপুর সার্কিট হাউজ মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন।
কাজী রিয়াজুল হক বলেন, ‘আসন্ন নির্বাচন দেশের জন্য, জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এখনও পর্যন্ত এমন কোনও ঘটনা দেখিনি, যা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পারে।’
আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের কর্মকর্তাদের অবাধ স্বচ্ছ, গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য কাজ করে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমরা অবশ্যই চাই, নির্বাচন স্বচ্ছ, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক ও প্রতিদ্বন্দ্বিতামূলক হোক, যা আমাদের ভাবমূর্তি দেশে-বিদেশে উজ্জল করবে।’
তিনি আরও বলেন, ‘গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন, বিশেষ করে মাঠ পর্যায়ে যারা কাজ করছেন, তাদেরই মূল দায়িত্ব পালন করতে হবে। ভোটাররা যাতে নিরাপদে বাসা থেকে বের হয়ে নিরাপদে কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নিরাপদে বাসায় আসতে পারেন, তার ব্যবস্থা করতে হবে।’
সভায় বিশেষ অতিথি ছিলেন ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির। তিনি বলেন, ‘সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন অধ্যুষিত এলাকাগুলোর ভোটকেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে। ভোটের আগ থেকে এবং ভোটের পরে ওই সব এলাকায় পুলিশ ক্যাম্প স্থাপন করে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’
তিনি আরও বলেন, ‘আমরা ২০০১ সালের নির্বাচনে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ঘটনা জানি। ২০১৪ সালের আগুন সন্ত্রাসের কথা জানি। এরকম আর কিছু না হয়, সে দিকে লক্ষ্য রাখতে হবে।’ এসময় মানবতাবিরোধী অপরাধী, আগুন সন্ত্রাসীদের ভোট না দেওয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান তিনি।
মতবিনিময় সভায় রংপুর জেলা প্রশাসক এনামুল হাবিবসহ আরও অনেকে বক্তব্য রাখেন।








