কুড়িগ্রাম-২ আসনে ঐক্যফ্রন্ট প্রার্থী আমসাআ আমিনের চার কর্মীকে আটক করেছে ফুলবাড়ী থানা পুলিশ। সোমবার (২৪ ডিসেম্বর) সকালে উপজেলার পাখিরহাট ও নেওয়াশী বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। ফুলবাড়ী থানার ওসি খন্দকার ফুয়াদ রুহানী এই তথ্য নিশ্চিত করেছেন।
আটকরা হলেন, কুড়িগ্রাম সদর উপজেলার লক্ষীকান্ত গ্রামের জোবেদ আলীর ছেলে শফিকুল ইসলাম (৩২), একই গ্রামের মনতাজ আলীর ছেলে আব্দুল মোন্নাফ আলী (২৯), সেকেন্দার আলীর ছেলে আমজাদ হোসেন মন্ডল (২৮) ও নাগেশ্বরী উপজেলার খামার হাসনাবাদ গ্রামের আব্দুল হামিদের ছেলে রফিকুল ইসলাম (৩১)।
ফুলবাড়ী থানার ওসি খন্দকার ফুয়াদ রুহানী জানান, নির্বাচনে বিভিন্নভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে, এমন আশঙ্কায় তাদেরকে আটক করা হয়েছে। মঙ্গলবার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পঠানো হবে।
আটক সবাই কুড়িগ্রাম-২ আসনে ঐক্যফ্রন্ট মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মেজর জেনারেল (অব.) আমসাআ আমিনের নির্বাচনি প্রচারে অংশ নিয়েছিল বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।








