কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে নৌকার সমর্থনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির (জাপা) প্রার্থী বর্তমান সংসদ সদস্য ডা. আককাছ আলী সরকার। মঙ্গলবার (২৫ ডিসেম্বর) দুপুরে উলিপুরে উলিপুর শহীদ মিনার চত্বরে আওয়ামী লীগ আয়োজিত এক নির্বাচনি সভায় উপস্থিত হয়ে তিনি এ ঘোষণা দেন।
আককাছ আলী সরকার বলেন, আওয়ামী লীগ প্রার্থী (নৌকা) এম এ মতিনকে সমর্থন জানিয়ে ভোট থেকে সরে দাঁড়াচ্ছি আমি।
সভায় উপস্থিত ছিলেন– আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, জাপা প্রার্থী ডা. আককাছ আলী, আওয়ামী লীগ প্রার্থী এম এ মতিন, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনসহ স্থানীয় নেতাকর্মীরা।
এর আগে এম এ মতিনের বাড়িতে জাহাঙ্গীর কবির নানকের উপস্থিতিতে আককাছ আলী সরকারকে নিয়ে জরুরি বৈঠকে বসেন আওয়ামী লীগ ও জাপা নেতারা।
বৈঠক সূত্র জানায়, সেখানে জাতীয় পার্টির প্রার্থী আককাছ আলী সরকারের নির্বাচন থেকে সরে গিয়ে আওয়ামী লীগ প্রার্থী এম এ মতিনকে সমর্থন দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়। এরপরই আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনি সভায় উপস্থিত হয়ে এম এ মতিনকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন ডা. আককাছ আলী সরকার।








