পঞ্চগড়ের ২ আসনের ৫ উপজেলা থেকে ভোটের সরঞ্জাম পাঠানো হচ্ছে কেন্দ্রে কেন্দ্রে। শনিবার (২৯ ডিসেম্বর) দুপুর থেকে প্রত্যেক কেন্দ্রের প্রিজাইডিং অফিসার নির্বাচনের মালামাল বুঝে নিয়ে পুলিশ ও আনসার সদস্যদের নিরাপত্তায় কেন্দ্রে রওনা দিয়েছেন।
জেলা রিটার্নিং অফিস সূত্র জানায়, পঞ্চগড়ের ২ আসনের ৫ উপজেলায় মোট ২৮৬টি ভোটকেন্দ্র। এর মধ্যে পঞ্চগড়-১ আসনের সদর, আটোয়ারী ও তেঁতুলিয়া উপজেলায় ভোটকেন্দ্র ১৫৫টি এবং পঞ্চগড়-২ আসনের বোদা ও দেবীগঞ্জ উপজেলায় ভোটকেন্দ্র ১৩১টি। এসব কেন্দ্রের প্রিসাইডিং অফিসারদের হাতে হাতে নির্বাচনি মালামাল সরবরাহ করেছেন প্রত্যেক উপজেলার সহকারী রিটার্নিং অফিসাররা।
সূত্র আরও জানায়, পঞ্চগড়-১ আসনে মোট ভোটার ৩ লাখ ৭৯ হাজার ২০৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮৯ হাজার ৯৮৬ জন এবং নারী ভোটার ১ লাখ ৮৯ হাজার ২২১ জন। পঞ্চগড়-২ আসনে মোট ভোটার ৩ লাখ ৩৪ হাজার ৮৭৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬৭ হাজার ৬৪৯ জন এবং নারী ভোটার ১ লাখ ৬৭ হাজার ২২৭ জন।








