পঞ্চগড় জেলার বোদা উপজেলার বেংহারী বনগ্রাম ইউনিয়নের গড়েরডাঙ্গা বাজার সংলগ্ন পুকুর থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির (৪২) লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার দুপুরে বোদা থানা পুলিশ পুকুর থেকে লাশ উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
পুলিশ জানায়, স্থানীয় লোকজন পুকুরে লাশ ভাসতে দেখে বেংহারী বনগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদকে জানালে তিনি বোদা থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট তৈরি শেষে লাশ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।
বেংহারী বনগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান স্থানীয়রা কেউ ওই ব্যক্তিকে চিনতে পারেননি। তবে দুয়েকদিন আগে স্থানীয় লোকজন তাকে এলাকায় ঘুরে বেড়াতে দেখেছেন বলে জানান।
বোদা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু হায়দার মো. আশরাফুজ্জামান বলেন, ‘ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। পাগল বলে স্থানীয় লোকজন বলছে। ময়নাতদন্তের জন্য লাশ পাঠানো হয়েছে। এ ঘটনায় বোদা থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।








