ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার ধর্মগড় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত বাংলাদেশি জাহাঙ্গীর আলম রাজু (২১)-এর লাশ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে ফেরত দেওয়া হয়েছে।
গুলিতে নিহতের প্রায় ৩৮ ঘন্টা পর রাজুর লাশ শনিবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ধর্মগড় সীমান্ত বরাবর ১৭৪/২ এস পিলারের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে বিএসএফ।
রাতেই রাজুর লাশ তার পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে বলে জানান রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নান।
বিজিবির ধর্মগড় কোম্পানি কমান্ডার সুবেদার ইব্রাহিম ও বিএসএফ’র কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর প্রাণ কুমারের নেতৃত্বে পতাকা বৈঠকের পর এ লাশ হস্তান্তরের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বাংলাদেশের পক্ষে লাশ বুঝে নেন রাণীশংকৈল এসি ল্যান্ড সোহাগ কুমার ও এস আই আজাহার আলী। ভারতের পক্ষ থেকে লাশ হস্তান্তর করে গোয়ালপুকুর থানার সাব ইন্সপেক্টর মাহাতো ।
নিহত জাহাঙ্গীর আলম রাজু (২১) রাণীশংকৈল উপজেলার শাহানাবাদ গ্রামের বাদশা মিয়ার ছেলে।
শুক্রবার ভোর ৫টার দিকে রাজুসহ কয়েকজন গরু ব্যবসায়ী ধর্মগড় সীমান্তের ৩৭৪/২ নম্বর সীমান্ত পিলারের পাশ দিয়ে তারকাঁটার বেড়া পেরিয়ে ভারতীয় ভুখণ্ডে প্রবেশ করে। এ সময় ভারতের উত্তর দিনাজপুর জেলার শ্রীপুর বিএসএফ ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিতে ঘটনাস্থলেই প্রাণ হারান রাজু। বাকিরা পালিয়ে আসেন।








