চিকিৎসক ও জনবল সংকটে লালমনিরহাট রেলওয়ে হাসপাতাল

মোয়াজ্জেম হোসেন, লালমনিরহাট
২৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:৪৪আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:৪৮

লালমনিরহাট রেলওয়ে হাসপাতালের বেডে কোনও রোগী নেই রেলওয়ে কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় রোগীদের ভিড়ে একসময় জনাকীর্ণ থাকতো লালমনিরহাট রেলওয়ে হাসপাতাল। কিন্তু এখন সপ্তাহে ২৫-৩০ জন রোগী হাসপাতালটির বহির্বিভাগে চিকিৎসা নিতে আসেন, আর ইনডোরের অবস্থা খুবই শোচনীয়। ৩০ শয্যাবিশিষ্ট হাসপাতালটিতে সচরাচর এক-দুই জন রোগী ভর্তি থাকেন। রেলওয়ে কর্মকর্তা-কর্মচারীদের বাইরে গিয়ে চিকিৎসা সেবা নিতে হচ্ছে। এমন পরিস্থিতির জন্য চিকৎসক ও জনবল সংকটকে দায়ী করছেন হাসপাতাল কর্তৃপক্ষ। জনস্বার্থে অনতিবিলম্বে হাসপাতালের সমস্যাগুলো সমাধানে সরকারের হস্তক্ষেপ কামনা করেন তারা।

সরেজমিনে দেখা যায়, হাসপাতালটিতে বিভাগীয় মেডিক্যাল অফিসার (তত্বাবধায়ক), সহকারী মেডিক্যাল অফিসার ও পাঁচটি সহকারী সার্জনের পদ গত কয়েক বছর থেকে শূন্য রয়েছে। দায়িত্বরত প্রশাসনিক কর্মকর্তাকেই রোগীর চিকিৎসা দিতে হচ্ছে। তবে তিনিও সারা সপ্তাহে চিকিৎসা দিতে পারেন না।

হাসপাতাল সূত্রে জানা যায়, ৩০ শয্যাবিশিষ্ট হাসপাতালটিতে নারীদের জন্য ৯টি ও পুরুষদের জন্য ১৮টি বেড রয়েছে। পাশাপাশি একটি কেবিন ও কলেরা-ডায়রিয়া রোগীর জন্য দুটি কেবিন রয়েছে। ২৪৭টি পদের মধ্যে বর্তমানে ১১৫টি পদে লোকবল আছে। গুরুত্বপূর্ণ ১৩২টি পদই শূন্য রয়েছে। ফলে চিকিৎসা কার্যক্রম মুখ থুবড়ে পড়ছে।

পশ্চিমাঞ্চল রেলওয়ের লালমনিরহাট বিভাগীয় হাসপাতালের প্রধান সহকারী সারাফত হোসেন জানান, চিকিৎসকের সাতটি পদের মধ্যে শুধুমাত্র ডিএমও ছাড়া সবকটি পদই দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। গুরুত্বপূর্ণ পদের মধ্যে সিস্টার ইনচার্জের দুটি, স্টোর কিপার, প্রধান সহকারী, টাইপিস্ট, ল্যাব- অ্যাসিসট্যান্ট, উচ্চমান সহকারী, অফিস সহকারী, পিয়ন জমাদার, কুকের দুটি, মালি, এক্স-রে এটেনডেন্ট, এমএলএসএস, ওটি অ্যাসিসট্যান্ট, সেনেটারি পরিদর্শকের দুটি ও এক্স-রে এটেনডেন্ট পদ বছরের পর বছর শূন্য রয়েছে।

এছাড়া জুনিয়র নার্সের ৩টি পদের মধ্যে একটি, ফার্মাসিস্টের ১০টি পদের মধ্যে সাতটি, সিনিয়র নার্সের ১০টির মধ্যে পাঁচটি, মশালচির দুটির মধ্যে একটি, চৌকিদারের চারটির মধ্যে দুটি, পরিচ্ছন্নতা (হাসপাতাল) কর্মীর ১১টির মধ্যে দুটি, ওয়ার্ড এটেনডেন্টের ১৯টির মধ্যে সাতটি, কনজারভেন্সি খালাসীর ছয়টির মধ্যে পাঁচটি, পরিচ্ছন্নতা কর্মীর (কনজারভেন্সি) ১৪৭টির মধ্যে ৮৬টি ও ড্রেসারের তিনটির মধ্যে দুটি পদ শূন্য রয়েছে।

হাসপাতালটিতে রোগী দেখা হচ্ছে ইনডোর চিকিৎসাসেবার কাজে নিয়োজিত সিস্টার ইনচার্জ মোছা. মহসীনা বেগম বলেন, ‘একসময় রোগী প্রচুর আসতো। এখন চিকিৎসক নেই, তাই রোগীও আসে না। অথচ যত জায়গা আছে, তাতে হাসপাতালটিকে মেডিক্যাল কলেজ করা সম্ভব। হাসপাতালটিকে সচল করতে সরকারের কাছে দাবি জানাচ্ছি। এটি সচল করা গেলে রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি স্থানীয়দের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া সম্ভব।’

রেলওয়ের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুস সোবহান (৮০) হাসপাতালটিতে কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা না থাকায় ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘হাসপাতালটি বন্ধ করে দিলে সরকারের আর টাকা অপচয় হতো না। আর যদি স্বাস্থ্যসেবা দিতে চায়, তবে ভালোভাবে দিতে হবে।’

লালমনিরহাট রেলওয়ের খালাসী মোর্শেদা বেগম বলেন, ‘হাসপাতালটিতে নারীদের জন্য গাইনি চিকিৎসক নেই। এ চিকিৎসা বাইরে থেকে নিতে হয়। এখানে নারীদের জন্য আলাদা ব্যবস্থা থাকা কর্মকর্তা-কর্মচারীদের পরিবারের নারী সদস্যদের দীর্ঘদিনের দাবি। আশা করি, সরকার নারীদের কথা বিবেচনা করবেন।’ একই দাবি জানান, রোগী অবসরপ্রাপ্ত সিনিয়র সাব অ্যাসিসট্যান্ট প্রকৌশলী মো. মোস্তফা ও রেলওয়ে নিরাপত্তাকর্মী হাফিজুল ইসলাম।

লালমনিরহাট রেলওয়ে হাসপাতালের ডিভিশনাল মেডিক্যাল অফিসার (ডিএমও) ডা. মো. আনিছুল ইসলাম বলেন, ‘রেলওয়ে পুলিশ যেমন পুলিশ বিভাগের অধীনে থেকে সেবা দিচ্ছে। একই পদ্ধতিতে লালমনিরহাট রেলওয়ে হাসপাতালটি রেলওয়ের অধীনে রেখে স্বাস্থ্য মন্ত্রণালয়ের আওতায় নিয়ে সেবা নিশ্চিত করা যেতে পারে। এ জন্য হাসপাতালটিতে বৃটিশ আমলের মঞ্জুরিকৃত পদগুলো ঢেলে সাজানো দরকার। এতে সরকারের স্বাস্থ্যসেবা দেওয়ার যে মূল লক্ষ্য তা বস্তাবায়ন হবে।’

তিনি আরও বলেন, ‘ আউটডোরে চিকিৎসা নিতে আসা অধিকাংশ রোগী ওষুধের জন্যই মূলত আসেন। ইনডোরের চিকিৎসা সেবার অবস্থা ভালো নয়। বলতে গেলে রোগীই ভর্তি থাকে না। এজন্য হাসপাতালটিতে কার্যকর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হলে নতুন করে ঢেলে সাজানোর পাশাপাশি আধুনিকায়ন করা সময়ের দাবি।’

জানতে চাইলে পশ্চিমাঞ্চল রেলওয়ের লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) মিজানুর রহমান বলেন, ‘দুই-তিন জন চিকিৎসক আমরা শিগগিরই পাবো। তারা যোগ দিলে দুর্ভোগ কিছুটা লাঘব হবে। জনবল বাড়ানোর জন্য প্রতিমাসে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পাঠানো হয়। প্রয়োজনীয় জনবল পেলে হাসপাতালটি সচল হয়ে উঠবে।’

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম