দিনাজপুরের হিলিতে ভেজাল কীটনাশক তৈরি ও পরিবেশনের দায়ে হাবিবুর রহমান (৩৮) নামে এক ব্যক্তিকে দুই মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২ মার্চ) রাত সাড়ে ৮টায় হিলির চৌধুরি ডাঙ্গাপাড়া বাজারে অভিযান চালিয়ে তাকে আটক করে এই কারাদণ্ড দেন হাকিমপুর (হিলি) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক আব্দুর রাফিউল আলম। আটক হাবিবুর রহমান হিলির চৌধুরি ডাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা।
হাকিমপুর (হিলি) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক আব্দুর রাফিউল আলম বলেন, ‘বালু, পাথর ও ইটের গুড়া দিয়ে ভেজাল কীটনাশক তৈরি করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে হিলির চৌধুরী ডাঙ্গাপাড়ার ওই বাজারে হাবিবুর রহমানের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় ভেজাল কীটনাশক, কীটনাশক তৈরির সরঞ্জামদীসহ হাবিবুর রহমানকে হাতেনাতে আটক করা হয়। পরে ভেজাল কীটনাশক তৈরির অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ’
হাকিমপুর (হিলি) থানার ওসি আনোয়ার হোসেন বলেন, ‘ রবিবার সকালে আটক হাবিবুরকে দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে।’








