দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় বন বিভাগের জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালানোর সময় ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা চালিয়েছ গ্রামবাসী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১০ রাউন্ড গুলি ছোড়ে। এতে পুলিশ, বনকর্মী ও স্থানীয় এলাকাবাসী আহত হয়েছেন।
শুক্রবার (৫ এপ্রিল) দুপুরে নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া বন বিভাগের হরিনাথপুর নামক এলাকায় এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ দু’জনকে স্থানীয় দলারদরগা কমরউদ্দিন মেমোরিয়াল হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান বাংলা ট্রিবিউনকে জানান, বনবিভাগের জমি দখল করে নতুন করে চারটি ঘর নির্মাণ করা হচ্ছিল। এ বিষয়ে বনবিভাগের লোকজন সেখানে উচ্ছেদ অভিযানের জন্য আমাকে জানালে শুক্রবার তাদের সময় দেয়। সে অনুযায়ী শুক্রবার পুলিশ, বনবিভাগের কর্মীসহ নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া বনবিভাগের হরিনাথপুর এলাকায় অভিযানে যায়। সেখানে অবৈধভাবে নির্মিত ঘরগুলো ভাঙা হয়। তিনটি বাড়ি ভাঙা শেষে চতুর্থ বাড়ি ভাঙতে গেলে ওই বাড়ির লোকজন স্থানীয়দের নিয়ে বনবিভাগের কর্মীদের ওপর হামলা চালায়। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে হওয়ায় তাদের বুঝিয়ে কোনও কাজ হবে না মর্মে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ১০ রাউন্ড গুলি ছোড়ে। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এঘটনায় তাদের বিরুদ্ধে বনবিভাগ বাদী হয়ে থানায় মামলা করবে বলে তিনি জানিয়েছেন।
ভুক্তভোগীদের দাবি, তারা সরকারের কাছ থেকে বৈধভাবে ১০০ বছরের জন্য জমি লিজ নিলেও তাদের কোনও প্রকার নোটিশ ছাড়ায় আজকে তাদের স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
বনবিভাগের চরকাই রেঞ্জের কর্মকর্তা নিশিকান্ত মালাকার বাংলা ট্রিবিউনকে জানান, বনবিভাগ চরকাই রেঞ্জের ভাদুরিয়া বিটের হরিনাথপুর মৌজায় কয়েকজন ভুমিদস্যু বনের ২০ শতক জায়গা দখল করে জোরপূর্বক ঘর বাড়ি নির্মাণ করছিল। সেখানে অবৈধভাবে গড়ে তোলা চারটি বাড়ির মধ্যে তিনটি বাড়ি উচ্ছেদ করে শেষ বাড়িটি উচ্ছেদ করতে গেলে স্থানীয়রা আমাদের ওপর হামলা চালায়। এসময় গ্রামবাসীর হামলায় আমাদের বনকর্মী ও পুলিশের ৫/৬ জন আহত হয়েছেন। এঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানিয়েছেন।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সামসুল আলম বাংলা ট্রিবিউনকে জানান, আজ দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে অভিযান চালানো যায়। এসময় স্থানীয়রা তাদের ওপর চড়াও হলে পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করতে ১০ রাউন্ড গুলি ছোড়ে।








