দিনাজপুরের হিলিতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২২০ বোতল ফেনসিডিল এবং এক মাদক ব্যবসায়ীসহ তিনজনকে আটক করেছে পুলিশ। হাকিমপুর থানার ওসি আনোয়ার হোসেন এ তথ্য জানিয়েছেন। শনিবার (৬ এপ্রিল) ভোররাতে হিলি সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।
আটককৃতরা হলো, রোস্তম আলী (৪০), মাহবুব আলম (২৯) ও বোরহান উদ্দিন (৩৫)।
ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ টহল দল ভোররাতে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে রোস্তম আলিকে তার বাড়ি থেকে তাকে আটক করা হয়। এসময় তার ঘরের খাটের নিচ থেকে দু’টি বস্তার ভেতর হতে ২২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
এদিকে পুলিশের অপর একটি টহল দল রাতে হিলি সীমান্তের দক্ষিণ বাসুদেবপুর ও বৈগ্রাম এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মাহবুব ও বোরহানকে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করে, এরা দীর্ঘদিন ধরে পলাতক ছিল। শনিবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে দিনাজপুর কারাগারে পাঠানো হবে।








