পঞ্চগড়ের বোদা উপজেলার কামাত সাকোয়া এলাকায় পরিবেশবান্ধব ইটভাটার বাণিজ্যিক উৎপাদন শুরু হয়েছে। রবিবার এর উদ্বোধন করেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। এসময় তিনি বলেছেন, ‘উন্নয়ন, নগরায়ন এবং আবাসন নির্মাণের জন্য ইট একটি গুরুত্বপূর্ণ উপাদান। গতানুগতিক ধারার যে ইট ভাটা রয়েছে তা পরিবেশের মারাত্মক ক্ষতি করে। আধুনিক অটো ভাটা গড়ে উঠলে পরিবেশ দূষণ অনেকাংশে দূর হবে। এজন্য পরিবেশ রক্ষায় আধুনিক ইট ভাটা গড়ে তুলতে হবে।’ কোনোভাবেই যেন ফসলি জমির টপসয়েল ইটভাটায় ব্যবহার না হয় সেজন্য সবাইকে সজাগ থাকতে বলেছেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে পঞ্চগড় জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এঅ্যান্ডএ অটো ব্রিকস ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এইচ এম জাহাঙ্গীর আলম রানা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন।
এঅ্যান্ডএ অটো ব্রিকস ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের জেনারেল ম্যানেজার আনোয়ার হোসেন জানান, জার্মান প্রযুক্তি ও চীনা কারিগরি সহায়তায় এঅ্যান্ডএ অটোমেটিক ব্রিকস ইন্ডাষ্ট্রিজ লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান বৃহত্তর দিনাজপুর জেলায় প্রথম উন্নত মানের পরিবেশ বান্ধব ইট উৎপাদন শুরু করেছে। অত্যাধুনিক এই মেশিনে দৈনিক ৮০ হাজার ইট উৎপাদনে সক্ষম। তবে আপাতত চাহিদার ভিত্তিতে দৈনিক ২৫/৩০ হাজার ইট উৎপাদন করছে।
তিনি জানান, বিএসটিআই কর্তৃক স্ট্যান্ডার্ড নির্ধারিত এবং বুয়েট কর্তৃক পরীক্ষিত, উন্নত মানের নিখুঁত, দৃষ্টি নন্দন, সাইজ অনুযায়ী প্রতিটি ইট একই মানের হওয়ায় নির্মাণে সাধারণ ইটের চেয়ে শতকরা ১৭ ভাগ ব্যয় সাশ্রয়ী, সাধারণ ইটের চেয়ে দিগুণেরও বেশি স্থায়ীত্বসহ নানা বৈশিষ্ট্য বিদ্যমান। কাঁদাযুক্ত লবণাক্ত ও কৃষি কাজে ব্যবহার অনুপযোগী মাটি প্রক্রিয়াজাত করে উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এখানে ইট তৈরি করা হয়ে থাকে। প্রতি হাজার ফাস্ট ক্লাস ইট সাড়ে ৮ হাজার এবং সেকেন্ড ক্লাস ইট সাড়ে ৭ হাজার টাকা দরে বিক্রি করা হচ্ছে।
কম জ্বালানী ব্যয় অদাহ্য ও অস্বাস্থ্যকর কালো ধোঁয়া নির্গত হয় না। ফলে এ প্রতিষ্ঠানের আশপাশ এলাকার কৃষি জমি নষ্ট হয় না, গাছপালা ও ফসল উৎপাদনের ওপর কোনও ক্ষতিকর প্রভাব পড়ে না। মানুষের মধ্যে এই ইট সম্পর্কে ভাল ধারণা না থাকায় এখনও তেমন চাহিদা তৈরি হয়নি।








