গাইবান্ধার পলাশবাড়ীর এক ধানক্ষেত থেকে উদ্ধার হওয়া পরিচয়হীন নবজাতক শিশু সন্তানটির দায়িত্ব নিয়েছেন এক নিঃসন্তান দম্পতি। রবিবার (২১ এপ্রিল) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে শিশুটিকে নিঃসন্তান ওই দম্পতির হাতে তুলে দেওয়ার কথা জানানো হয়।
উদ্ধারের পাঁচ দিন পর গাইবান্ধার সরকারি দফতরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা দম্পতি পরিচয়হীন শিশুটির দায়িত্ব নিয়েছেন। তবে আপত্তি থাকায় তাদের নাম পরিচয় প্রকাশ করা হয়নি। সংবাদ সম্মলনের সময় ফুটফুটে শিশুটি এক নারী পুলিশ কনস্টেবলের কোলে ছিলো।
এরআগে গত ১৬ এপ্রিল সকালে পলাশবাড়ী উপজেলার গোডাউন বাজার এলাকার একটি ধানক্ষেত থেকে কাপড়ে মোড়ানো অবস্থায় শিশুটিকে উদ্ধার করে পুলিশ। পরে তাৎক্ষণিভাবে শিশুটিকে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটির চিকিৎসা সেবাসহ তার প্রয়োজনীয় সহায়তায় দেন গাইবান্ধা পুলিশ সুপার আব্দুল মান্নান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, নবজাতক ছেলে শিশুটি উদ্ধারের পর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা সেবা দেওয়া হয়। মুমূর্ষু অবস্থায় উদ্ধার হওয়া শিশুটি চিকিৎসার পর সুস্থ হয়ে ওঠে। শিশুটির চিকিৎসার যাবতীয় চিকিৎসা ব্যয় করা হয় পুলিশের পক্ষ থেকে।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, শিশুটির ভরণ-পোষণ ও পড়ালেখার দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করেছেন গাইবান্ধায় কর্মরত ঊর্ধ্বতন এক সরকারি কর্মকর্তা। ওই দম্পতিকে পিতা-মাতা উল্লেখ করে লালন-পালনসহ শিশুটির যাবতীয় দায়িত্বভার দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলেন পুলিশ সুপার আব্দুল মান্নান ছাড়াও গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান, পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিফজুর আলম মুন্সিসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া সংবাদ সম্মেলনে জেলার প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।








