নীলফামারীতে সৈয়দপুর আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে উত্যক্তের অভিযোগে আওয়ামী যুবলীগ সৈয়দপুর উপজেলার আহ্বায়ক কমিটির সদস্য আবু বিন আজাদ শাওনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ মামলা করেন। সৈয়দপুর থানার ওসি মো. শাহজাহান পাশা বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।
এদিকে ছাত্রী উত্তক্ত্যের ঘটনায় শাওনকে যুবলীগ সৈয়দপুর উপজেলা আহ্বায়ক কমিটি থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। কমিটির আহ্বায়ক দিল নেওয়াজ খান এ তথ্য জানান।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের দুই ছাত্রী তাদের সহপাঠী বন্ধুকে নিয়ে গত ১৯ মার্চ বিকালে রাউটার কেনার জন্য সৈয়দপুর প্লাজায় আসেন। এ সময় যুবলীগ নেতা শাওন ওই ছাত্রীদের উত্ত্যক্ত করলে সহপাঠী বন্ধু এর প্রতিবাদ করায় তাকে লাঞ্ছিত করা হয়। এরপর ওই নেতা প্রায়ই বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে সামনে গিয়ে তাদেরকে উত্ত্যক্ত করতো। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বিষয়টি জানান ওই দুই ছাত্রী।
এ ঘটনায় বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্টার নাসির উদ্দিন বাদী হয়ে সৈয়দপুর থানায় শাওনকে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করেন।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহজাহান বলেন, আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।
বাংলাদেশ আওয়ামী যুবলীগ সৈয়দপুর উপজেলা কমিটির আহ্বায়ক দিল নেওয়াজ খান বলেন, ‘বিভিন্ন অভিযোগ ও দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে শাওনকে কমিটির সভায় সাময়িকভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।







