কুড়িগ্রামের রৌমারীতে কাভার্ডভ্যানের চাপায় আরিফ (৭) নামে এক শিশু নিহত হয়েছে। রবিবার (৫ মে) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার গোলাবাড়ি এলাকায় রৌমারী-ঢাকা সড়কে এ ঘটনা ঘটে।
আরিফ রাজিবপুর উপজেলার মরিচাকান্দি গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে ও যাদুরচর ইউনিয়নের বাইমমারী গ্রামের আনছার আলীর নাতি। আরিফের মা আরিফা খাতুন সৌদিপ্রবাসী।
এ তথ্য নিশ্চিত করে রৌমারী থানার ওসি আবু মো. দিলওয়ার হাসান ইনাম জানান, চালক পালিয়ে গেলেও কাভার্ডভ্যান আটক করে থানায় নেওয়া হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আরিফ আজ বিকালে উপজেলার কর্তিমারী বাজার থেকে তার নানা বাড়ি রৌমারীর বাইমমারীতে ফেরার পথে গোলাবাড়ি নামক এলাকায় পৌঁছালে একটি কাভার্ডভ্যান তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
ওসি আবু মো. দিলওয়ার হাসান ইনাম জানান, চালকের খোঁজ করা হচ্ছে। এ ঘটনায় রবিবার রাত ৮ টা পর্যন্ত কোনও লিখিত অভিযোগ হয়নি।








