গাইবান্ধা সদর উপজেলায় ৯ বছরের এক শিশু ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্তের বাবা আইয়ুব খানকে গ্রেফতার করেছে পুলিশ। তবে গা-ঢাকা দেওয়ায় মূল অভিযুক্ত শাকিল মিয়াকে (১৯) পুলিশ এখনও ধরতে পারেনি।
গত ৫ মে সকাল ১০টার দিকে শাকিল মারাহারা ওই শিশুকে ধর্ষণ করে বলে অভিযোগ উঠে। সোমবার (৬ মে) রাতে ওই শিশুর নানি চারজনকে আসামি করে সদর থানায় একটি মামলা করেন। এরপরই অভিযান চালিয়ে আইয়ুব খানকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ এবং আজ মঙ্গলবার বিকালে তাকে আদালতের নির্দেশে কারাগারে পাঠায়।
ধর্ষণের শিকার শিশুর নানি মর্জিনা বেগমের অভিযোগ, ‘শাকিল ও তার পরিবার এখনও বিভিন্ন হুমকি দিচ্ছে। ঘটনাটির সুষ্ঠু বিচার চাই।’
এসব তথ্যের সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহারিয়া বলেন, ‘অভিযুক্ত শাকিলকে গ্রেফতারের চেষ্টা চলছে। হাসপাতালে চিকিৎসাধীন শিশুটির খোঁজখবর নেওয়া হয়েছে। হাসপাতালেই তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হবে।’
গাইবান্ধা সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. শাহিনুর রহমান বলেন, ‘নির্যাতনের শিকার শিশুটিকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার শারীরিক অবস্থা স্বাভাবিক হতে সময় লাগবে। এ ছাড়া, তার শরীরিক পরীক্ষার রিপোর্ট সংশ্লিষ্ট থানায় পাঠানো হবে।’








