ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় শিয়াল ধরার জন্য পাতা বৈদ্যুতিক ফাঁদে আটকে আমিনা খাতুন (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কাশিবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাব্বেরুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত আমিনা খাতুন কাশিবাড়ি গ্রামের রওশন আলীর স্ত্রী।
স্থানীয়রা জানান, আমিনা সকালে বালিয়াডাঙ্গী উপজেলা শহরে খয়রাতির শাড়ি কাপড় নিতে আসছিলেন। সন্ধ্যায় তিনি প্রাকৃতিক ডাকে সাড়া দিতে স্থানীয় সাবেক ইউপি সদস্য আলাউদ্দিন ওরফে ফিটুর চালের চাতালে ঢোকেন। একটি পাত্রে পানি নিয়ে নির্দিষ্ট স্থানে যাওয়ার সময় জিআই তার দিয়ে তৈরি বৈদ্যুতিক ফাঁদে আটকে তার মৃত্যু হয়।
ওই গ্রামের অটো রিকশাচালক পজিরুল জানান, চাতালের চারদিকে জিআই তারের বেড়া দেওয়া ছিল। বেড়ায় রাতে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখা হতো চোর বা শিয়াল ধরার জন্য।
চাতালের মালিক আলাউদ্দিন বলেন, ‘বেড়ায় বৈদ্যুতিক সংযোগের বিষয়টি আমার জানা ছিল না। আমি প্রতিষ্ঠানটি অন্য ব্যবসায়ীর কাছে ভাড়া দিয়েছি। সেই ব্যবসায়ী শিয়াল দমনে এই ফাঁদ পেতেছিলেন।’
ওসি মোসাব্বেরুল হক বলেন, ‘ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য মিলের মালিক ও শ্রমিক সাদ্দামকে আটক করা হয়েছে।’








