লালমনিরহাট সদর উপজেলার মোগলহাটের কুরুল এলাকায় জমির সীমানা নিয়ে বিরোধের জেরে মজনু মিয়া (৪৭) নামে বিএনপির এক নেতা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ জুন) এই ঘটনা ঘটে। নিহত মজনু মোগলহাট ইউনিয়ন বিএনপির সহসভাপতি ছিলেন।
এই ঘটনায় শুক্রবার (৭ জুন) প্রধান আসামি তপু রায় (২০) ও অমল চন্দ্র রায় বাটুলকে (৪২) গ্রেফতার করেছে লালমনিরহাট সদর থানা পুলিশ।
নিহতের পরিবার, এলাকাবাসী ও পুলিশ জানায়, জমির সীমানা নিয়ে বৃহস্পতিবার বিকালে তপুর পরিবারের সঙ্গে মজনুর পরিবারের ঝগড়া হয়। এরপর জমির সীমানা থেকে খুঁটি উপড়ে ফেলেন মজনু মিয়ার ছেলে মাজহারুল ইসলাম। এতে বিরোধ আরও বাড়ে। বৃহস্পতিবার সন্ধ্যায় মজনু বাজারে যাওয়ার সময় তপুসহ ১০/১১ জন তার পথরোধ করে। এসময় বাকবিতণ্ডার এক পর্যায়ে মজনু মিয়াকে তপু ছুরিকাঘাত করে। উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় শুক্রবার তপুকে প্রধান আসামি করে মজনুর স্ত্রী মাজেদা বেগম বাদী হয়ে হত্যা মামলা করেন।
লালমনিরহাট সদর থানার ওসি মাহফুজ আলম বলেন, প্রধান আসামি তপু ও অমলকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।








