কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে ফেরার পথে নারী-শিশুসহ ১২ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। সোমবার (৮ জুলাই) বিকালে উপজেলার কাশিপুর ইউনিয়নের পশ্চিম ধর্মপুর সীমান্তের আন্তজার্তিক মেইন পিলার নং ৯৪১ এর সাব পিলার ১ এসের পাশ থেকে তাদের আটক করে বিজিবি।
লালমনিরহাট বিজিবি ১৫ ব্যাটালিয়নের অধীন কাশিপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার ছাইদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
সীমান্তবাসী ও বিজিবি সূত্রে জানা গেছে, নারী-শিশুসহ আটক ১২ বাংলাদেশি জীবন-জীবিকার তাগিদে দীর্ঘদিন ধরে ভারতের দিল্লিতে ইট ভাটায় কাজ করতো। তারা দুই দেশের দালালের মাধ্যমে সোমবার ফুলবাড়ী সীমান্তপথে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করলে টহলরত বিজিবি সদস্যরা তাদের আটক করে।
বিজিবি জানায়, আটক ১২ বাংলাদেশির মধ্যে তিন জন নারী, চার জন শিশু ও পাঁচ জন পুরুষ। এদের মধ্যে দুই জনের বাড়ি রংপুরের বদরগঞ্জ এবং বাকি দশ জনের বাড়ি কুড়িগ্রাম জেলা বিভিন্ন উপজেলাতে। এরা অবৈধপথে ভারতে গিয়েছিল।
লালমনিরহাট বিজিবি ১৫ ব্যাটালিয়নের অধীন কাশিপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার ছাইদুল ইসলাম জানান, আটকদের ফুলবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অপরাধে মামলা করবে বিজিবি।








