গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নবীনেওয়াজের সরকারি মোবাইল ফোন নম্বর ক্লোন করার ঘটনা ঘটেছে। সোমবার (৮ জুলাই) দুপুরে নম্বরটি ক্লোন করে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিকে ফোন করে টাকা হাতিয়ে নেওয়াসহ নানা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে একটি প্রতারক চক্র। তাই এ ব্যাপারে সর্বসাধারণকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে। সচেতনতা সৃষ্টিতে প্রশাসনের ফেসবুক পেজেও পোস্ট দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ইউএনও নবীনেওয়াজ বলেন, ‘দুপুরে সরকারি কাজে ব্যবহৃত মোবাইল ফোন নম্বরটি ক্লোন করা হয়। ক্লোন করা নম্বর দিয়ে একটি প্রতারক চক্র মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, সহকারী শিক্ষা কর্মকর্তা, শিক্ষক ও জনপ্রতিনিধিদের কাছে ফোন দিয়ে সরকারি বরাদ্দ এনে দেওয়ার কথা বলে টাকা দাবি করছে। তাদের ফাঁদে পড়ে শিক্ষক সমিতির একজন নেতা সাত হাজার টাকা বিকাশে পাঠিয়ে প্রতারিতও হয়েছেন। এর বাইরে অনেকের কাছে ফোন দেওয়া হলেও আর কেউ প্রতারিত হননি। ’
ইউএনও আরও বলেন, ‘নম্বরটি ক্লোনের পর সর্বসাধারণকে সতর্ক থাকতে বলা হয়েছে। ফেসবুক আইডিসহ ইউএনও, সাদুল্যাপুর পেজেও সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়। ক্লোনের পর বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার ঘটনাটি পুলিশ জানতে পেরেছে। প্রতারক চক্রটিকে শনাক্ত ও এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরশেদুল হককে নির্দেশ দেওয়া হয়েছে।’
এ বিষয়ে ওসি আরশেদুল হক বলেন, ‘বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে। ইতোমধ্যে দুজনকে শনাক্ত করা সম্ভব হয়েছে। তবে তাদের সম্পর্কে আরও তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।’
এর আগে, সদর উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায়ের ব্যবহৃত সরকারি নম্বরটি ক্লোন করে প্রতারক চক্র। পরে নম্বরটি ব্যবহার করে শিক্ষক, সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন জনের কাছে টাকা দাবি করা হয়। তবে সচেতনতার কারণে সে সময় কেউ প্রতারিত হননি।








