দিনাজপুরের হিলিতে অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীসহ ওয়ারেন্টভুক্ত পলাতক ৪ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে হিলি সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। হাকিমপুর থানার ওসি আনোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতার ব্যক্তিরা হলো, হিলির নওপাড়া এলাকার মৃত কিনাম উদ্দিনের ছেলে তরিকুল ইসলাম (৩০), বৈগ্রাম এলাকার মানিক চানের ছেলে জহুরুল ইসলাম (২১), ধরন্দা এলাকার মৃত আলতাব হোসেনের ছেলে লিটন মিয়া (৩৪), হিলির কালিগঞ্জ এলাকার মৃত মনিরুল ইসলামের ছেলে কাজল হোসেন (৩০)।
ওসি আনোয়ার হোসেন জানান, হিলি সীমান্তের কালিগঞ্জ এলাকার জনৈক কাজল হোসেনের বাড়িতে মাদক কেনাবেচা চলছে এমন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে অভিযান চালানো হয়। এসময় তার ঘরের ফ্রিজের নিচ থেকে ১৯ বোতল ফেনসিডিলসহ কাজল হোসেনকে আটক করা হয়। এছাড়াও ওই রাতে হিলি সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত পলাতক তিন আসামিকে তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। পরে তাদের সবাইকে রবিবার দুপুরে আদালতের মাধ্যমে দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে।








