নীলফামারী সদর আধুনিক হাসপাতালে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। রবিবার (৪ আগস্ট) আরও দু’জন ভর্তি হয়েছেন। এ নিয়ে ওই হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা দাঁড়ালো ৯ জনে। সদর আধুনিক হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আবু শফি মাহমুদ জানান, এর সবাই ঢাকায় আক্রান্ত হয়ে বাড়িতে এসে হাসপাতালে ভর্তি হয়েছে।
নীলফামারী সদর আধুনিক হাসপাতালে ২৫ জুলাই থেকে ডেঙ্গু রোগী আসা শুরু হয়।
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২ দিনের ডোমার উজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিন রোগী ভর্তি হয়েছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা রায়হান বারি বলেন,তারা সবাই ঢাকায় আক্রান্ত হয়ে এলাকায় এসেছেন।
সিভিল সার্জন রনজিৎ কুমার বর্মন বলেন, রবিবার পর্যন্ত জেলায় ৩১ ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। তারা সবাই ঢাকায় ডেঙ্গু আক্রান্ত হয়ে এলাকায় এসেছেন। তাদের মধ্যে কেউ হাসপাতালে, কেউ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। কেউ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, আবার অনেকে জেলার বাইরের হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
তিনি বলেন, নীলফামারী আধুনিক সদর হাসপাতালে ডেঙ্গু রোগের পরীক্ষা-নিরীক্ষা এবং চিকিৎসার কোনও সমস্যা নেই। ডেঙ্গু যাতে না ছড়ায় সে ব্যাপারে জনগণকে সচেতন করা হচ্ছে। এছাড়াও, স্বাস্থ্য কর্মীরা মাঠে কাজ করছেন।








