ডেঙ্গু মোকাবিলায় ঢাকার দুই মেয়রই ব্যর্থ হয়েছেন বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা। সেজন্য এই ব্যর্থতা স্বীকার করে দুই মেয়রকে ক্ষমা চাওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকালে ঢাকা থেকে সড়কপথে রংপুরে এসে নগরীর দর্শনা এলাকায় জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের কবর জিয়ারত করেন রাঙ্গা। এরপর সাংবাদিকদের সঙ্গে আলাপে এই আহ্বান জানান।
মসিউর রহমান রাঙ্গা বলেন, ‘ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র মশক নিধনের ওষুধ সরবরাহ করার ঠিকাদারি যাদের দিয়েছেন, তারা সেই ওষুধ আমদানির নামে কেরোসিন তেল আমদানি করে তা সরবরাহ করেছে। ফলে ডেঙ্গু মহামারি আকারে দেখা দিয়েছে।’ ওষুধ আমদানিতে দুর্নীতি হয়েছে দাবি করে বিষয়টি তদন্তের দাবিও জানান তিনি।
জাপা মহাসচিব বলেন, ‘রংপুর-৩ আসনের উপ-নির্বাচনে প্রার্থী নির্ধারণে দুটি কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটির কাছে গিয়ে প্রার্থী হতে ইচ্ছুকদের বিগত দিনের কর্মকাণ্ড-অবদানের বিষয় জানাতে হবে। তাদের মধ্য থেকে সম্ভাব্য প্রার্থীর তালিকা তৈরি করে দেবে কমিটি। এরপরই দল চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।’
এর আগে রংপুরে এসে পৌঁছালে রাঙ্গাকে স্বাগত জানান মহানগর জাপা সভাপতি ও সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, সাধারণ সম্পাদক এস এম ইয়াসির, জাপার জেলা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, জাপা নেতা বারী মুন্সি, শাফিসহ অনেকে।








