নীলফামারী সদর উপজেলায় পুকুরে ডুবে আব্দুল্লাহ (৪) ও ইয়ামিন (৩) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ আগস্ট) দুপুরে উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের দোলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। খোকশাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদিউজ্জামান প্রধান এ তথ্য নিশ্চিত করেছেন।
আব্দুল্লাহ খোকশাবাড়ি ইউনিয়নের দোলাপাড়া গ্রামের আনিছুর রহমানের ছেলে ও ইয়ামিন একই গ্রামের হাসান আলীর ছেলে।
স্থানীয়রা জানান, আব্দুল্লাহ ও ইয়ামিন খেলতে গিয়ে বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। দুপুর সাড়ে ১২টার দিকে তাদের পুকুরের পানি থেকে স্থানীয়রা উদ্ধার করেন। পরে তাদের নীলফামারী সদর আধুনিক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।
একই কথা জানান চেয়রম্যান বদিউজ্জামান প্রধান। তিনি বলেন, ‘তাদের (আব্দুল্লাহ ও ইয়ামিন) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে দুইজনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
নীলফামারী সদর থানার ওসি মো. মোমিনুল ইসলাম বলেন, ‘বিষয়টি খোকশাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমাকে অবহিত করেছেন।’








