রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে মনিরুল ইসলাম (৩৪) নামে একজন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রবিবার (১১ আগস্ট) সন্ধ্যা পৌনে ৬টার দিকে মারা যান তিনি। এ নিয়ে হাসপাতালটিতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দু’জন মারা গেলেন। হাসপাতালের মুখপাত্র মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আসাদুজ্জামান এ তথ্য জানান।
হাসপাতাল সূত্রে জানা গেছে, মনিরুল লালমনিরহাট জেলার কালমাটি গ্রামের খইম উদ্দিনের ছেলে। তিনি রবিবার দুপুর ২টার দিকে হাসপাতালে ভর্তি হন। পরে সন্ধ্যায় মারা যান।
হাসপাতাল সূত্রে আরও জানা যায়, রবিবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় হাসপাতালটিতে ৩৩ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ৩০ জন। বর্তমানে ভর্তি আছেন ১১৩ জন।
ঈদ উপলক্ষে ডেঙ্গু রোগীর সংখ্যা আরও বাড়তে পারে এমন আশঙ্কায় হাসপাতালে বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান হাসপাতালটির পরিচালক ডা. সুলতান আহাম্মেদ।








