রংপুর সদর-৩ আসনের উপনির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে প্রয়াত জাপা চেয়ারম্যান এরশাদের ভাতিজা হোসেন মকবুল শাহারিয়ার আসিফকে মনোনয়ন দেওয়া দাবি উঠেছে। সোমবার (২৬ আগস্ট) এ দাবিতে রংপুর নগরীতে মিছিল ও শোডাউন করেছেন তার সমর্থক ও অনুসারীরা। তারা দলের বর্তমান চেয়ারম্যান জিএম কাদেরের প্রতি সদর আসনে আসিফকে দলীয় মনোনয়ন দেওয়ার জোর দাবি জানান।
এরআগে, রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে আসিফের সমর্থক জাপা নেতাকর্মীরা জড়ো হোন। দুপুর ১টার দিকে আসিফের নেতৃত্বে বিশাল মিছিল বের হয়ে তা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
প্রয়াত জাপা চেয়ারম্যান এরশাদের ছোট ভাই মোজাম্মেল হক লালুর একমাত্র ছেলে হোসেন মকবুল শাহারিয়ার আসিফ। এরশাদ জীবিত থাকাকালে আসিফকে রংপুর-১ আসনে মনোনয়ন দিয়েছিলেন। অসিফ বিপুল ভোটে জয়ী হয়ে এমপি নির্বাচিত হন। এরপর তাকে মনোয়ন না দিয়ে ২০১৪ সালের সংসদ নির্বাচনে জাপার বর্তমান মহাসচিব মসিউর রহমান রাঙ্গাকে দলীয় মনোনয়ন দেন এরশাদ, রাঙ্গা জয়ী হয়ে এমপি নির্বাচিত হোন।
এরই ধারাবাহিকতায় ২০১৮ সালের সংসদ নির্বাচনে ফের রাঙ্গাকে দলীয় মনোনয়ন দেন এরশাদ। এবারেও তিনি নির্বাচিত হন। দলীয় মনোনয়ন না দেওয়ায় এরশাদের সঙ্গে আসিফের ও স্বজনদের মনোমালিন্য হয়। সর্বশেষ রংপুর সিটি করপোরেশন নির্বাচনে আসিফ রংপুর সিটি মেয়র হিসেবে মনোনয়ন চান। তবে তাকে মনোনয়ন না দিয়ে মহানগর জাপা সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফাকে মেয়র পদে দলীয় মনোনয়ন দেওয়া হলে আসিফ স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়ে পরাজিত হোন। অন্যদিকে জাপা প্রার্থী মোস্তফা বিপুল ভোটে জয়ী হয়ে মেয়র নির্বাচিত হন।
এদিকে এরশাদের মৃত্যুর পর তার আসনে এমপি হিসেবে আসিফকে মনোনয়ন দেওয়ার জন্য পরিবারের সদস্য ও স্বজনরা অবস্থান নিয়েছেন। তবে রওশন এরশাদ চান তার ছেলে শাদকে ওই আসনে মনোনয়ন দেওয়ার জন্য। এমন অবস্থায় অসিফ মনোনয়ন পাওয়ার জন্য বিভিন্নভাবে লবিং চালিয়ে যাচ্ছেন। এরই অংশ হিসেবে সোমবার তিনি নগরীতে সমর্থকদের নিয়ে শোডাউন করেন।
মিছিলে জাপার জেলা বা মহানগরের কোনও উল্লেখযোগ্য নেতা উপস্থিত না থাকলেও তৃণমূল পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।
মিছিল শেষে এরশাদের পৈত্রিক বাড়ি স্কাইভিউ বাসায় যেখানে আসিফ স্বপরিবারে বাস করেন, সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘বড় আব্বা এরশাদ রংপুর সদর-৩ আসনে ৯১ সালের পর সবগুলো নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। উপনির্বাচনে এ আসনটি আমার প্রাপ্য।’ তিনি দাবি করেন, ‘পরিবারের সবাই চায় মনোনয়ন আমাকে দেওয়া হোক।’ কিন্তু এবার তাকে মনোনয়ন দেওয়া না হলে তিনি যেকোনও মূল্যে নির্বাচন করবেন বলে জানিয়েছেন।








