রংপুর নগরীর টেক্সটাইল মোড় এলাকায় পঞ্চম শ্রেণির ছাত্র আব্দুর রশীদকে কোপানোর পর চলন্ত গাড়ির নিচে ফেলে হত্যার ঘটনায় আলামিন সরদার বাবু নামে একজনকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার (৩০ আগস্ট) রাতে শহরের সাতগাড়া মিস্ত্রিপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শনিবার (৩১ আগস্ট) তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। রংপুর র্যাব-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার মোতাহার হোসেন এসব তথ্য জানান।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে আলামিন সরদার বাবুকে গ্রেফতার করা হয়েছে। তার বাবার নাম আব্দুল আউয়াল। রশীদ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পেয়েই তাকে গ্রেফতার করেছে র্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে।
কোতোয়ালি থানা পুলিশ জানিয়েছে, আলামিন সরদারকে গ্রেফতারের পর থানায় হস্তান্তর করেছে র্যাব। তাকে রশীদ হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
এদিকে, শিশু রশীদের পরিবার অভিযোগ করেছে, ঘটনার মূলহোতা মোজাফফরসহ এজাহাভুক্ত আসামিদের কাউকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ।
উল্লেখ্য, শিশু আব্দুর রশীদের বাড়ি সাতগাড়া মিস্ত্রিপাড়া এলাকায়। তার বাবার নাম শহিদার রহমান। স্থানীয় শাহিন স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল সে। কয়েকদিন আগে সন্ত্রাসী মোজাফফর রশীদের বড় ভাই মোহনের কাছে পাঁচশ টাকা চাঁদা দাবি করে। টাকা না দেওয়ায় তাকে মারধর করে মোজফফর। এ ঘটনায় মোজাফফরের বাবার কাছে বিচার দেওয়ায় সে ক্ষিপ্ত হয়ে দেখে নেওয়ার হুমকি দেয়। বিষয়টি মীমাংসার জন্য মোজাফফরের বাবা কামালসহ স্বজনদের কাছে অনুরোধ করে মোহনের পরিবার। তারা রাজি হলেও মোজাফফর কোনও অবস্থাতেই মীমাংসা করতে রাজি হয় না। পরে শুক্রবার (২৯ আগস্ট) রাতে মোহনের ছোট ভাই শিশু রশীদকে মোজাফফর ও তার বাহিনী লাঠি-ছোরা দিয়ে কোপাতে থাকে। একপর্যায়ে তারা শিশুটিকে চলন্ত গাড়ির নিচে ফেলে হত্যা করে।








