ঠাকুরগাঁও সদর উপজেলায় অনিতা ঘোষ (৩৫) নামে এক গৃহবধূকে হত্যা মামালার প্রধান আসামি রুহিয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য জাহাঙ্গীর আলমকে (৫০) গ্রেফতার করেছে রুহিয়া থানা পুলিশ। বুধবার ভোরে আটোয়ারি উপজেলার তোড়েয়া ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করা হয়। রুহিয়া থানার ওসি তদন্ত বাবলু কুমার রায় এ কথা জানান।
আটক জাহাঙ্গীর আলম ঘনিমহেশপুর গ্রামের মৃত খাশির উদ্দীন মাস্টারের ছেলে।
ওসি তদন্ত জানান, ঘনিমহেশপুর খ্রিষ্টান মিশনপাড়া গ্রামের বাবলু ঘোষের সঙ্গে প্রতিবেশী সাবেক ইউপি সদস্য জাহাঙ্গীর আলমের জমি নিয়ে বিরোধ ছিল। গত বছরের ৫ নভেম্বর সকালে জমি নিয়ে বিরোধের জের ধরে নিহত অনিতা ঘোষ (৩৫) এবং আসামির স্ত্রী লিলি বেগমের মধ্যে বাকবিতণ্ডা হয়। খবর পেয়ে জাহাঙ্গীর আলম ঘটনাস্থলে উপস্থিত হলে মারামরি হয়। এর এক পর্যায়ে জাহাঙ্গীর মেম্বার বাঁশের লাঠি নিয়ে অনিতা ঘোষের মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। পরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অনিতা রানী মারা যায়।
এ ঘটনায় নিহত অনিতা ঘোষের স্বামী বাবলু ঘোষ বাদী হয়ে রুহিয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য জাহাঙ্গীর আলম ও তার স্ত্রী লিলি বেগমকে আসামি করে রুহিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
রুহিয়া থানার অফিসার ইনচার্জ প্রদীপ কুমার রায় বলেন, ‘জাহাঙ্গীর দীর্ঘদিন ধরে পলাত ছিলেন। তিনি কোনও জায়গায় বেশিদিন থাকতেন না। অনেক কৌশল করে আটোয়ারি উপজেলার তোড়েয়া ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।








