দিনাজপুরের চিরিরবন্দরে জাকি ইমরান (১৯) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। বুধবার (৪ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে উপজেলার উত্তর বাংলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জাকি ইমরান নীলফামারীর সৈয়দপুর উপজেলার হাওলাদার পাড়া এলাকার মোহাম্মদ তেলির ছেলে। আটক দুইজন হলো– সৈয়দপুর উপজেলার হাওলাদার পাড়া এলাকার কাল্লু বাবুর্চির ছেলে সুমন (১৮) ও হাতিখানা ক্যাম্প এলাকার মইদুর রহমানের ছেলে আকবর আলী (১৯)। তারা দুজনই নিহত জাকি ইমরানের বন্ধু।
চিরিরবন্দর থানার পরিদর্শক (ওসি) মাহবুবুর রহমান বলেন, ‘আজ (বুধবার) বিকালে জাকি ইমরান তার দুই বন্ধু সুমন ও আকবর আলীকে নিয়ে চিরিরবন্দর উপজেলার উত্তর বাংগালপাড়ায় নানাবাড়িতে বেড়াতে আসেন। বাড়ির পাশে ধানক্ষেতে ধরে নিয়ে ধারালো ছুরি কুপিয়ে জাকি ইসলামকে গুরুতর আহত করে সুমন ও আকবর আলী। পরে স্থানীয়রা জাকি ইমরানকে গুরুতর অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’ এ ব্যাপারে চিরিরবন্দর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।








