দিনাজপুরের হিলি স্থলবন্দরে পাইকারিতে পেঁয়াজের দাম কেজিতে ৫-৬ টাকা বেড়েছে। দুইদিন আগে প্রতি কেজি পেঁয়াজ প্রকারভেদে ৩০-৩২ টাকা কেজিতে বিক্রি হলেও বর্তমানে তা বিক্রি হচ্ছে ৩৫-৩৮ টাকা দরে।
বন্দরের ব্যবসায়ীরা জানান, বন্দর দিয়ে পেঁয়াজের আমদানি কমায় নিত্য প্রয়োজনীয় এ পণ্যের দাম বেড়েছে। হিলি স্থলবন্দর কার্যালয় সূত্র জানায়, ঈদের আগে বন্দর দিয়ে ৪৫-৫০ ট্রাক পেঁয়াজ আমদানি হলেও বর্তমানে ২০-২৫ ট্রাক করে আমদানি হচ্ছে। মাঝে কিছুদিন ২৫-৩০ ট্রাক করে পেঁয়াজ আমদানি হয়েছে।
হিলি স্থলবন্দরে পেঁয়াজ কিনতে আসা পাইকার আইয়ুব হোসেন ও রফিকুল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, হিলি স্থলবন্দর থেকে প্রতিদিন তারা ২-৩ ট্রাক করে পেঁয়াজ কিনে ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করেন। দুইদিন আগে যেখানে বন্দরে পেঁয়াজ কিনেছেন ৩০-৩২ টাকা কেজিতে, সেখানে এখন তা ৩৫-৩৮ টাকা করে কিনতে হচ্ছে।
তারা আরও বলেন, পেঁয়াজের দাম ওঠানামা করছে। এতে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আর অনেকেই পেঁয়াজের দামের এমন ওঠানামার কারণে তা কিনতেও পারছেন না।
হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক সাইফুল ইসলাম ও হারুন উর রশীদ হারুন বাংলা ট্রিবিউনকে জানান, সম্প্রতি অতিবৃষ্টি ও বন্যায় ভারতের বিভিন্ন প্রদেশে পেঁয়াজের ক্ষেত নষ্ট হয়েছে। এতে এর উৎপাদন কমে গেছে এবং এ কারণে ওই দেশের বাজারেই পেঁয়াজের সরবরাহ কমেছে; যার প্রভাব পড়ছে দামে।
তারা আরও জানান, আগে যেখানে ভারতের মোকামগুলো থেকে প্রতি কেজি পেঁয়াজ ৯-১০ রুপি দরে কিনতেন, এখন তা ২১-২২ রুপিতে কিনতে হচ্ছে। এর সঙ্গে প্রতি কেজিতে পরিবহন খরচ যোগ হচ্ছে ৫-৬ রুপি করে।








